গোঁফের কী দোষ?

কিছুদিন আগে গুজরাটের এক যুবক পুলিশের কাছে অভিযোগ করেন, গোঁফ রাখায় নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কেবল গোঁফ রাখার অপরাধে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়েছে। গত মঙ্গলবার আবার পুলিশের কাছে আসেন ওই যুবক। এবার তিনি অভিযোগ করেন, গোঁফ রাখার কারণে তাঁর এক ভাইকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
কেন গোঁফ রাখার কারণে অত্যাচারের শিকার হচ্ছেন তাঁরা?
পুরো ঘটনাটি হলো, দলিত সম্প্রদায়ের মানুষ হয়ে গোঁফ রাখার মতো দুঃসাহস দেখানোয় তাঁদের মারধর করেছে উচ্চবর্ণের হিন্দুরা। বিশেষ করে উচ্চবর্ণের রাজপুতদের নিশানা হচ্ছেন তাঁরা।
হামলার শিকার কুনাল মাহেরিয়া এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দেন। তিনি বলেন, শুক্রবার রাতে আমি আমার বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। এ সময় কিছু লোক আমাকে আটকায় ও গালিগালাজ করতে থাকে। একজন বলে, আমি গোঁফ রেখে রাজপুতদের সমকক্ষ হতে চাই। কিন্তু তা আমি কখনোই হতে পারব না। যখন আমি উপেক্ষা করে চলে যাচ্ছিলাম, তারা আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে।
সম্প্রতি গুজরাটে দলিত সম্প্রদায়ের ওপর উচ্চবর্ণের রাজপুতদের বিদ্বেষ ব্যাপক আকার ধারণ করেছে। গত রোববার গুজরাটে একটি উৎসবে উচ্চবর্ণের সবার সঙ্গে বসে নাচ দেখার অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া গোঁফ রাখার অপরাধে প্রায়ই রাজপুতদের হামলার শিকার হচ্ছেন দলিতরা।

এসব ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ। দলিত মানুষ পাকানো গোঁফ নিয়ে ছবি পোস্ট করতে শুরু করেন হোয়াটসঅ্যাপে। তাঁরা হোয়াটসঅ্যাপে তাঁদের ডিসপ্লে পিকচার বদলে দিয়ে সেখানে তাঁদের বড় বড় গোঁফের ছবি বসিয়ে দেন। আর সেই সব ছবির নিচে ক্যাপশন দেওয়া হয়, ‘মিস্টার দলিত’। টুইটারেও তাঁদের মোচড়ানো গোঁফের ছবি পোস্ট করতে শুরু করে দেন দলিত যুবকেরা।
ময়ূর ভাধের গুজরাটের কডিনার অঞ্চলের একটি বেসরকারি স্কুলের শিক্ষক। বিবিসি অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ভারতের পরিস্থিতি পাল্টে গেছে। দলিত মানুষ এখন শিক্ষিত হচ্ছে এবং ভালো পোশাক পরে। কিন্তু এসব অভিজাত সম্প্রদায় মেনে নিতে পারছে না, যারা এখনো বর্ণ-গোত্র নিয়ে পড়ে আছে। অসন্তুষ্টি প্রকাশের জন্য তারা দলিতদের ওপর হামলা চালাচ্ছে।
গো-হত্যার দায়ে গাড়ির সঙ্গে বাঁধা অবস্থায় চার দলিত যুবক খুন হওয়ার পর গুজরাটে সবচেয়ে বড় প্রতিবাদের ঘটনাটি ঘটেছিল গত জুলাইয়ে। শাহারানপুরে বর্ণবাদী দাঙ্গার বিরুদ্ধে গত মে মাসে দিল্লিতে রাস্তায় নামে হাজার হাজার দলিত মানুষ।
চলতি বছরের শেষেই বিধানসভা ভোট গুজরাটে। বিরোধীদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার দলিতদের স্বার্থ রক্ষা করতে পারছে না।