গোড়াতেই গলদ!

আনুষ্ঠানিক উদ্বোধনের শুরুতেই ধাক্কা খেল কলকাতা-ঢাকা-আগরতলা রুটের বাস সেবা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ পতাকা নেড়ে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন থেকে এই বাসের ‘শুভ’ সূচনা করেন। কিন্তু বাসটি ছাড়তে গিয়েই এতে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। ফলে যাত্রীদের অন্য বাসে করে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দর এলাকায়।
সেখান থেকে যাত্রীদের কলকাতা-ঢাকা রুটে চলাচলকারী অন্য একটি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
বাস উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। সবুজ পতাকা নেড়ে উদ্বোধনী ভাষণে মমতা বলেন, এই বাস সার্ভিসের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। এই বাসে রয়েছেন ৪৫ জন যাত্রী। এঁদের মধ্যে রয়েছেন ২৪ জন সাংবাদিক। আরও আছেন পশ্চিমবঙ্গের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।
কলকাতা থেকে এই বাস সোম, বুধ ও শুক্রবার ছাড়া হবে। আর আগরতলা থেকে ছাড়বে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।
কলকাতা থেকে এই সার্ভিস চালাবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম-এর লাইসেন্স নিয়ে শ্যামলী যাত্রী পরিবহন এবং ঢাকা থেকে এই পরিষেবা চালাবে বিআরটিসির লাইসেন্স নিয়ে শ্যামলী পরিবহন। এখন আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। এই নতুন রুটের কারণে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ৫১৩ কিলোমিটারে।
কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ প্রথম আলোকে বলেছেন, যান্ত্রিক ত্রুটি থাকায় বাসটি ছাড়া যায়নি। বাসটি সারিয়ে আগামীকাল শুক্রবার ঢাকায় পাঠানো হবে। তিনি আরও জানান, শুধু যাওয়া অথবা শুধু আসার ভাড়া তাঁরা নির্ধারণ করতে চাইছেন দুই হাজার রুপি। তবে এখনো ভাড়া চূড়ান্ত হয়নি।
দ্বিতীয় পর্যায়ে ৬ জুন ঢাকায় এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার সঙ্গে এই প্রথম আগরতলার সরাসরি বাস চালু হলো। ১ জুন এই রুটে পরীক্ষামূলকভাবে একটি বাস যায়।
এর আগে ১৯৯৯ সালের ১৯ জুন ঢাকা কলকাতার মধ্যে প্রথম বাস চালু হয়। আর ২০০১ সালের ১১ জুলাই চালু হয় ঢাকা-আগরতলার মধ্যে।