গোপন ক্যামেরায় মন্ত্রী স্মৃতি ইরানি
অভিনেত্রী ছিলেন বলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অসংখ্যবার। কিন্তু গতকাল শুক্রবার ক্যামেরা চোখে পড়তেই আঁতকে উঠলেন। এই ক্যামেরা যে গোপনে ধারণ করছে দৃশ্য, সেটিও নারীদের পোশাক পাল্টানোর গোপন কক্ষে! ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। পর্যটন রাজ্য উত্তর গোয়ার কালাঙ্গুত নামের ছোট শহরে ঘটে এ ঘটনা। খবর বিবিসি ও টিএনএনের।
গতকাল দুপুরে শহরটির ফ্যাবইন্ডিয়া নামের একটি দোকানে পোশাক কিনতে যান স্মৃতি ইরানি। কয়েকটি পোশাক বেছে নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন। এরপর সেখানেই তাঁর নজরে পড়ে লুকানো ক্যামেরাটি। দ্রুত বের হয়ে এসে ইরানি সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে পাঠান। প্রচণ্ড ক্রুদ্ধ স্বামী জুবিন ইরানি দোকানের কর্মীদের ওপর চড়াও হন। পরে তাঁদের ভিডিওচিত্র দেখাতে বাধ্য করেন। এতে দেখা যায়, সত্যি সত্যিই মন্ত্রীর কাপড় পাল্টানোর দৃশ্য ধারণ করা হচ্ছিল!
জুবিন তখন কালাঙ্গুতের ভারতীয় জনতা পর্টির (বিজেপি) এমএলএ মাইকেল লোবোকে বিষয়টি জানান। পুলিশ ও লোবো দ্রুত সেখানে আসেন। চলে আসেন বিজেপির বেশ কজন নেতাও। স্মৃতির অভিযোগ গ্রহণ করে পুলিশ। এরপর তিনি হোটেলে ফেরেন। দুই দিনের ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া ৩৮ বছর বয়সী স্মৃতি।