সোনাদানা কিংবা মূল্যবান কোনো জিনিস নয়, একদল লোক একটি গ্রাম ঢুকে চুরি করেছে এক টনের মতো গোবর। ভারতজুড়ে এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে। সংঘবদ্ধ চোরদের ধরতে বিশাল অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোবর চুরির ঘটনাটি ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে। পুলিশ বলেছে, গত সপ্তাহে কোরবা জেলার ধুরেনা গ্রামের লোকজন পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁদের বাড়িতে রাখা ৮০০ কেজির বেশি গোবর চুরি হয়ে গেছে। চুরি হওয়া গোবরের দাম ১ হাজার ৬০০ রুপির মতো।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হরিশ তানদেকার গত বুধবার বলেন, ‘আমরা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। চুরি করা বিশাল পরিমাণ গোবর কীভাবে নেওয়া হলো এবং কেন এটা চুরি করা হলো, সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই চুরির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
ছত্তিশগড় রাজ্য সরকার গোবর কিনে থাকে ভার্মি কম্পোস্ট সার তৈরি জন্য। প্রতি ১০০ কেজি গোবর ২০০ রুপি দিয়ে কেনা হয়। সাম্প্রতিক বছরগুলোয় অনেক রাজ্য সরকার অর্গানিক চাষের জন্য গোবর বিক্রি করতে কৃষকদের উৎসাহিত করছে। পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের জন্য ভারতে গোবরের চাহিদাও বেড়েছে। এ ছাড়া দেশটিতে ধর্মীয় কাজেও গোবরের কদর রয়েছে বেশ।