গোবিন্দ হালদারের চিকিৎসার খরচ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অর্থ সাহায্য দিতে গিয়ে উপহাইকমিশনার জকি আহাদ গোবিন্দ হালদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। ছবি: ভাস্কর মুখার্জি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অর্থ সাহায্য দিতে গিয়ে উপহাইকমিশনার জকি আহাদ গোবিন্দ হালদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। ছবি: ভাস্কর মুখার্জি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কয়েকটি কালজয়ী গানের স্রস্টা গোবিন্দ হালদারের চিকিৎসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অর্থসাহায্য দেওয়া হয়েছে। আজ বুধবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিমনার জকি আহাদ কাঁকুরগাছি এলাকার রামকৃষ্ণ সমাধি রোডে গোবিন্দ হালদারের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রীর হাতে এই অর্থ তুলে দেন।
এ সময় উপহাইকমিশনার গোবিন্দ হালদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন।

গোবিন্দ হালদার গত ১৩ ডিসেম্বর কিডনির জটিলতা নিয়ে কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স এখন ৮৫ বছর।
২০ ডিসেম্বর রাতে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী গোবিন্দ হালদারকে তাঁর চিকিৎসার খরচ বহন করার আশ্বাস দেন। ২২ ডিসেম্বর রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ পশ্চিমবঙ্গ সফরে এসে গোবিন্দ হালদারকে দেখে যান।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গোবিন্দ হালদার লিখেছিলেন, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি গান। তিনি কলকাতায় একজন কবি ও গীতিকার হিসেবে পরিচিত। তাঁর লেখা গান আকাশবাণী ও দূরদর্শনে প্রচারিত হয়েছে।