গোবিন্দ হালদারের শয্যাপাশে আবদুল হামিদ
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ অসুস্থ গোবিন্দ হালদারকে দেখতে কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে গিয়েছিলেন। আজ সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে যান আবদুল হামিদ। এ সময় তিনি গোবিন্দ হালদারের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
আবদুল হামিদ গোবিন্দ হালদারকে বলেন, ১৯৭১ সালে আপনার গানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছে। আজও আমরা আপনার গান শুনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হই। গোবিন্দ হালদারের স্ত্রী এবং কন্যার সঙ্গেও কথা বলেন তিনি।
গোবিন্দ হালদার গুরুতর অসুস্থ হয়ে কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিডনির অসুস্থতা নিয়ে তিনি গত ১৩ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি হন। ৮৫ বছর বয়সী এই গীতিকার এখন চোখে কম দেখেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি লিখেছিলেন সেই সাড়া জাগানো মুক্তিযুদ্ধের গান ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ’এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি গান।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছ’দিনের ভারত সফরে এসে আজ দুপুরে দুদিনের সফরে কলকাতায় এসেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজধানী দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতা পৌছান। সন্ধ্যায় কলকাতার রাজ্যভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দেওয়া নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্রসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কাল শান্তি নিকেতনে যাবেন রাষ্ট্রপতি
কাল মঙ্গলবার সকালে শান্তি নিকেতনে যাবেন আবদুল হামিদ। সেখানে তিনি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়সহ কবিগুরুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। এরপর শান্তি নিকেতনে মধ্যাহ্ন ভোজ শেষে কলকাতায় ফিরে এসে সন্ধ্যায় বাংলাদেশে ফিরে যাবেন।