গোমাংস বহনের অভিযোগে হত্যা: বিজেপি নেতা গ্রেপ্তার
ভারতের ঝাড়খণ্ডে গরুর মাংস বহনের অভিযোগে আলিমুদ্দিন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের খোঁজ করছে পুলিশ।
আজ শনিবার ঝাড়খণ্ডের রামগড় থেকে নিত্যানন্দ মাহাতো নামের ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। নিত্যানন্দ রামগড় জেলা বিজেপির গণমাধ্যম বিষয়ক প্রধান।
গত বৃহস্পতিবার নয়াসরাই গ্রামে আলিমুদ্দিন ওরফে আসগর আলিকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে ঝাড়খণ্ডের রামগড়ের স্বঘোষিত গো-রক্ষকদের বিরুদ্ধে। স্বঘোষিত গোরক্ষকদের দাবি, ঝাড়খন্ডে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। আলিমুদ্দিন গরুর মাংস কিনে মারুতি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে তারা তাঁকে আটক করে গাড়িতে গরুর মাংস পায়। তাই তাঁকে তারা পিটিয়েছে। তাঁর মারুতি গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় আলিমুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কঠোর সমালোচনা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও। এলাকায়ও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরদিন কয়েকজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার মূল হোতা ছোট্টু রানা রামগড় আদালতে আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, ওই দিনের ঘটনায় যে ভিডিও প্রকাশ হয়েছে তাতে দেখা যায়, রানা লাঠি দিয়ে বারবার আলিমুদ্দিনকে আঘাত করছেন।
পুলিশের দাবি, ওই ভিডিওতে আরও দেখা যায় বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতো মানুষকে উসকানি দিচ্ছেন। আলিমুদ্দিনকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনছেন—এমন দৃশ্যও দেখা যায়।
এই ঘটনায় মোট ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া