গোরক্ষায় বাড়াবাড়ি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ
দেশজুড়ে গোরক্ষার নামে বাড়াবাড়ি বন্ধ করতে অবশেষে ভারতের সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে গঠিত এক বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছেন, স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব রুখতে অবিলম্বে কঠোর ব্যবস্থা যেন গ্রহণ করা হয়।
শুধু নির্দেশই নয়, কীভাবে এই বাড়াবাড়ির মোকাবিলা করতে হবে সুপ্রিম কোর্ট তাও জানিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে স্রেফ এ জন্য নিযুক্ত করতে হবে। তাঁর কাজই হবে গোরক্ষার নামে সব ধরনের বাড়াবাড়ি বন্ধ করা। প্রধান বিচারপতির নির্দেশ, এক সপ্তাহের মধ্যে প্রতি রাজ্যের মুখ্য সচিবদের প্রতিবেদন দিয়ে জানাতে হবে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই প্রতিবেদন দিতে হবে কেন্দ্রীয় সরকারকেও।
কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গোরক্ষার নামে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথম সিদ্ধান্ত বাংলাদেশে গরু পাচার বন্ধ করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজেই এই বিষয়ে সরকারের কড়া মনোভাবের কথা জানিয়ে দেন। সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীকে (বিএসএফ) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, গরু পাচার রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের। বিজেপিশাসিত রাজ্যগুলোকেও নির্দেশ দেওয়া হয় গরু পাচার বন্ধে। চলতি বছরের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক নির্দেশে জবাইয়ের জন্য গরু কেনাবেচা নিষিদ্ধ করা হয়। উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর ‘অবৈধ’ ও বেআইনিভাবে চলা কসাইখানা বন্ধ করে দেওয়া হয়। একই ব্যবস্থা গ্রহণ করে বিজেপিশাসিত অন্য রাজ্য সরকারগুলো। এ নিয়ে বিভিন্ন রাজ্যে অশান্তি দেখা যায়। স্বঘোষিত গোরক্ষকেরা গোমাংস খাওয়া, গোমাংস বাড়িতে রাখা ও গরু পাচারের অভিযোগে বিভিন্ন রাজ্যে মানুষ পিটিয়ে মারতে শুরু করে। গতকাল সুপ্রিম কোর্ট এসব তাণ্ডবের উল্লেখ করে বলেন, একশ্রেণির মানুষ গোরক্ষার নামে নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে। তারা এমন আচরণ করছে যেন তারাই আইন এবং তাদের কথাই শেষ কথা।
এই বাড়াবাড়ি বন্ধ করতে কেন্দ্র কী কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আদালতে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, অবাঞ্ছিত ঘটনার মোকাবিলায় নির্দিষ্ট আইন রয়েছে। এই উত্তরে বিরক্ত প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘আইন যে আছে সে কথা আমরাও জানি। কিন্তু উপদ্রব বন্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাই জানতে চাওয়া হচ্ছে। সরকারের উচিত পরিকল্পিত ব্যবস্থা নেওয়া, যাতে এ ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটে।’
দেশের গোধন রক্ষার নামে তাণ্ডব রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানবাধিকারকর্মী তেহসিন পুনাওয়ালা। তাঁর আরজি ছিল, গোরক্ষার নামে দলিত ও সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার শুরু হয়েছে, তা বন্ধ করতে সর্বোচ্চ আদালত পদক্ষেপ গ্রহণ করুন। আবেদনকারীর পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং ও কলিন গঞ্জালেস বিচারপতিদের উদ্দেশে বলেন, কেন্দ্র এই ক্ষেত্রে হাত ধুয়ে ফেলতে পারে না। সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে।