গোর্খাল্যান্ড প্রশাসনিক নির্বাচনে ভালো ফল করে তৃণমূলের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

সাম্প্রতিক সময়ে এই প্রথম কোনো বড় নির্বাচনে হারল তৃণমূল কংগ্রেস। তবে এ নির্বাচনে তাদের হারার আশঙ্কা থাকলেও ফল অতীতের থেকে অনেক ভালো হয়েছে। উত্তর পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং আংশিকভাবে শাসন করে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। ২০১২ সালে এ প্রশাসনিক পরিষদ গঠিত হওয়ার পর একটি নির্বাচন হয়েছিল। সে সময়ে ৪৫টি আসনে প্রার্থী দিয়ে সব কটিতে জিতেছিল বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)। ২০১২ সালে ১৭ আসনে প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেস একটিও জিততে পারেনি।

দার্জিলিংয়ে সংঘাত ও সহিংসতার কারণে ২০১৭ সালে নির্বাচন হয়নি। এ বছর ৪৫ আসনে নির্বাচন হলো। আজ বৃহস্পতিবার সেই জিটিএ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তৃণমূল ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টিতে জিতেছে। এটাই গত ১০ বছরে পাহাড়ে তৃণমূলের সবচেয়ে ভালো ফল। এ আসন লাভের মাধ্যমে তৃণমূল জিটিএ বোর্ডে প্রবেশ করল। পাহাড়ে বিনয় তামাংয়ের নেতৃত্বে লড়েছিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অপেক্ষাকৃত কম ঘনিষ্ঠ পাহাড়ের আরেক নেতা অনিত থাপার নেতৃত্বধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) ৩৬ আসনে প্রার্থী দিয়ে জিতেছে ২৭টি আসন। আরেকটি স্থানীয় দল হামরো পার্টি পেয়েছে আটটি আসন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট (সিপিআইএম) ১২টি ও কংগ্রেস ৫টি আসনে প্রার্থী দিয়েছিল। দুই দলই কোনো আসন পায়নি।

এ জয়ের ফলে তৃণমূল দার্জিলিং ও সংলগ্ন পাহাড় অঞ্চলে পা রাখার একটা জায়গা পেল। ধরে নেওয়া যায়, এবার তারা নিজেদের সেখানে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ভারতীয় জনতা পার্টির যে প্রভাব দার্জিলিংয়ে এখনো আছে, তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।