গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে সরে এল জনমুক্তি মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্জিলিংয়ের পাহাড়।
ফাইল ছবি: প্রথম আলো

দেড় দশক ধরে দার্জিলিং ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি থেকে সরে এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা। গত সোমবার দার্জিলিংয়ের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং মমতাকে বলেন, তারা দার্জিলিংয়ের উন্নয়নের জন্য কাজ করতে চান। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েক বছর কেটে গেছে। এতে পাহাড়ের কোনো উন্নয়ন হয়নি। এবার তারা চাইছে পাহাড়ের উন্নয়ন।

বিমল গুরুং মমতার সঙ্গে বৈঠকের পর বলেন, দার্জিলিংয়ের উন্নয়নের স্বার্থে তারা পৃথক রাজ্যের দাবি থেকে সরে যাচ্ছে। তবে তারা চাইছেন সর্বোচ্চ স্ব-শাসনের মাধ্যমে পাহাড়কে উন্নত করতে। মমতাও তাতে সায় দিয়েছেন। মমতা বলেছেন, আগামী দুই-তিন মাসের মধ্যে দার্জিলিংয়ের স্ব-শাসিত সংস্থা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ’র নির্বাচনের সঙ্গে দার্জিলিংয়ে বিভিন্ন পৌর ও পঞ্চায়েত নির্বাচন সেরে নিতে হবে।

মমতার এই প্রস্তাবে সায় দেয় গোর্খা জনমুক্তি মোর্চা। মমতার সঙ্গে বৈঠক করে জিটিএ’র নির্বাচনের ব্যাপারে সায় দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। প্রসঙ্গত, পাঁচ দিনের সফরে দার্জিলিং রয়েছেন মমতা। সেখানে তিনি অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। তৃণমূল কংগ্রেসের বিনয় তামাং, জনআন্দোলন পার্টির হরকা বাহাদুর ছেত্রীর সঙ্গেও কথা বলেছেন মমতা।

সোমবার দার্জিলিংয়ে মমতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। তবে মমতা পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেও ডাকেননি জিএনএলএফ এবং সিপিআরএমকে। এ দিন অবশ্য দার্জিলিং পৌরসভার নতুন চেয়ারম্যান হামরো পার্টির রীতেশ পের্টেলের সঙ্গেও বৈঠক করেন মমতা।

গোর্খা জনমুক্তি মোর্চা এর আগে পৃথক রাজ্যের দাবি নিয়ে বিজেপির কাছে গিয়েছিল। এখন বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক শীতল। জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি বলেন, ‘বিজেপি আমাদের বিভ্রান্ত করেছে। ভুল রাস্তা দেখিয়েছে। বিজেপির সঙ্গে এখন আর আমাদের কোনো সম্পর্ক নেই।’

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিমল গুরুং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অংশে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে পাহাড়ের অধিকাংশ আসনে তারা পরাজিত হয়েছে।

পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং। পর্যটন শিল্প আর চা শিল্পের ওপর নির্ভরশীল এই ছোট্ট জেলা। এখানের বেশির ভাগ মানুষ নেপালি ভাষাভাষী। ২০০৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং জিএনএলএফ-এর কাউন্সিলর হয়ে দলীয় প্রধান সুভাষ ঘিসিংয়ের সঙ্গে বিরোধ করে দল ছেড়ে গড়েছিলেন। পরবর্তীতে সেভাবে জনমুক্তি মোর্চার কাউন্সিলর মদন তামাংও দলীয় প্রধান বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে দার্জিলিংয়ে আবার নতুন দল গড়ে ক্ষমতা তুলে নিয়েছিলেন।

১৯৮০ সালে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি নিয়ে দার্জিলিংয়ে প্রথম আন্দোলন শুরু করেন জিএনএলএফ বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর নেতা সুভাষ ঘিসিং। পরে ১৯৮৮ সালের ২২ আগস্ট রাজ্য সরকার, জিএনএলএফ এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গড়া হয় পৃথক স্ব-শাসিত সংস্থা ‘দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ’। এর চেয়ারম্যান করা হয় সুভাষ ঘিসিংকে। পরবর্তীতে এই পরিষদের নির্বাচনে সুভাষ ঘিসিং চেয়ারম্যান হন। অন্যান্যদের মধ্যে কাউন্সিলর হন বিমল গুরুংও। এক সময়ে সুভাষ ঘিসিংয়ের সঙ্গে বিমল গুরুংয়ের মতবিরোধ দেখা দিলে বিদ্রোহ করেন বিমল গুরুং। এরপরই ২০০৭ সালের ৭ অক্টোবর বিমল গুরুং গড়েন গোর্খা জনমুক্তি মোর্চা। জনমুক্তি মোর্চা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করে অশান্ত করে তোলে দার্জিলিং। আর দার্জিলিং থেকে প্রকারান্তরে তাড়িয়ে দেওয়া হয় সুভাষ ঘিসিংকে। তিনি গিয়ে আশ্রয় নেন জলপাইগুড়িতে। এরপরে আর তিনি ঠাঁই পাননি দার্জিলিংয়ে। মারাও গেছেন জলপাইগুড়িতেই।

সুভাষ ঘিসিংয়ের বিদায়ের পর বিমল গুরুংয়ের আন্দোলন থামাতে মুখ্যমন্ত্রী মমতা এগিয়ে আসেন। দার্জিলিংয়ে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন মমতা। মমতার উদ্যোগেই ২০১১ সালের ১৮ জুলাই ১৯৮৮ সালের ধাঁচে গড়া হয় জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই জিটিএ-এর চেয়ারম্যান হন বিমল গুরুং। আর কাউন্সিলর হন বিনয় তামাং। একপর্যায়ে জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং বিদ্রোহ করে বসেন বিমল গুরুংয়েরই বিরুদ্ধে। ছাড়েন বিমল গুরুংয়ের সংস্রব। বিমল গুরুংয়ের অফিস দখল করে নামিয়ে দেয় তাঁর ছবি। ওড়ান দলের নতুন পতাকা। এ যেন সত্যিই ইতিহাসের পুনরাবৃত্তি। আর এই কাজে বিনয় তামাংয়ের পাশে এসে দাঁড়ান মমতা। তাঁকে জিটিএ-এর চেয়ারম্যান করেন। মুছে যেতে শুরু করে বিমল গুরুংয়ের নাম।

এদিকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ১০৭ দিন টানা বনধের পর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর বনধ প্রত্যাহার করে নেয় গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। সেই বিমল গুরুং এবার পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি থেকে সরে এলেন।