গোয়ায় সরকার গঠনে প্রস্তুত বিজেপি, আদালতে কংগ্রেস
ভারতের গোয়া রাজ্যে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির পরিষদীয় দলের আবেদনে গোয়ায় সরকার গঠনে বিজেপিকে আমন্ত্রণ জানান রাজ্যপাল মৃদুলা সিনহা।
আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিকরের শপথ নেওয়ার কথা। তবে গতকাল সোমবার আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের পরিষদীয় দলের নেতা চন্দ্রকান্ত কাভলেকর সুপ্রিম কোর্টে এক আবেদনে দাবি করেছেন, গোয়া বিধানসভায় তাঁর দল ৪০ আসনের মধ্যে ১৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি পেয়েছে ১৩ আসন। কিন্তু রাজ্যপাল কংগ্রেসকে না ডেকে বিজেপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছে।
হোলি উৎসব উপলক্ষে সুপ্রিম কোর্ট ছুটি থাকলেও প্রধান বিচারপতি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন। আজ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে কংগ্রেসের এই আবেদনের শুনানি হওয়ার কথা।
ভারতের পাঁচ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। গোয়া ও মণিপুরের কোনো দল সরকার গড়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। পাঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়ী হয়ে সরকার গড়ছে কংগ্রেস।