গোয়ায় সরকার গঠনের দাবি কংগ্রেসের

ভারতের পশ্চিম প্রান্তের ছোট রাজ্য গোয়ায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের সংকট বাড়ল। অসুস্থ মুখ্যমন্ত্রী মনোহর পারিকর আরও একবার হাসপাতালে ভর্তি হওয়ায় বিরোধী কংগ্রেস ওই রাজ্যে সরকার গঠনের দাবি জানিয়েছে। রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে রাজ্য কংগ্রেস নেতারা বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তাদের সরকার গড়তে ডাকা হোক।
রাজ্যে কংগ্রেস পরিষদীয় দলের নেতা চন্দ্রশেখর কাওলেকর সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন, রাজ্যপালের কাছে তাঁরা স্মারকলিপি জমা দিয়ে বলেছেন, বিজেপি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির ছক কষছে। মাত্র দেড় বছরের মধ্যে সরকার ভেঙে দেওয়ার প্রশ্নই ওঠে না। জনতা তাঁদের পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার রায় দিয়েছে। কংগ্রেস বিকল্প সরকার গঠনে প্রস্তুত। তাদের সেই সুযোগ দেওয়া হোক।
গোয়া বিধানসভার মোট আসন ৪০। এর মধ্যে কংগ্রেস পেয়েছিল ১৬ টি, বিজেপি ১৪ টি। বাকি ১০ আসনের মধ্যে স্থানীয় দল এমজিপি ও জিএফপি পেয়েছিল ৩টি করে আসন, একটি এনসিপি এবং বাকি ৩টি স্বতন্ত্র প্রার্থীরা। সরকার গড়তে কংগ্রেস ছাড়া বাকি সদস্যদের সমর্থন বিজেপি আদায় করেছিল দিল্লি থেকে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকে মুখ্যমন্ত্রী হিসেবে গোয়ায় পাঠিয়ে। পারিকর প্যানক্রিয়াসের অসুখে জেরবার। বেশ কিছুদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করান। ফিরে এসে ফের অসুস্থ হয়ে পড়ায় গত রোববার তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়। পারিকরের সমর্থনে সবাই একমত হলেও অন্য কাউকে মুখ্যমন্ত্রী মেনে নিতে শরিকেরা রাজি নয়। কংগ্রেস সেই সুযোগটাই নিতে চাইছে। যদিও রাজ্যপাল মৃদুলা সিনহা এখনো কংগ্রেসের দাবি নিয়ে মুখ খোলেননি।