গোয়ায় সরকার গড়তে ১৬ মার্চ আস্থা ভোটের নির্দেশ
গোয়ায় সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে বিজেপি পরিষদীয় দলের নেতা মনোহর পারিকরের শপথগ্রহণের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ১৬ মার্চ বেলা ১১টায় বিধানসভার অধিবেশন শুরুর সময় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বিজেপির পরিষদীয় দলের আবেদনে গোয়ায় সরকার গঠনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আমন্ত্রণ জানান রাজ্যপাল মৃদুলা সিনহা। আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিকরের শপথ নেওয়ার কথা। তবে কংগ্রেসের দাবি, গোয়া বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। সুপ্রিম কোর্টে এক আবেদনে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা চন্দ্রকান্ত কাভলেকর জানান, গোয়া বিধানসভায় তাঁর দল ৪০ আসনের মধ্যে ১৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি পেয়েছে ১৩ আসন। কিন্তু রাজ্যপাল কংগ্রেসকে না ডেকে বিজেপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছে।
এ অবস্থায় হোলি উৎসব উপলক্ষে আজ সুপ্রিম কোর্ট ছুটি থাকলেও প্রধান বিচারপতি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেন এবং শুনানি শেষে ১৬ মার্চ আস্থা ভোট গ্রহণের নির্দেশ দেন।
ভারতের পাঁচ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। গোয়া ও মণিপুরের কোনো দল সরকার গড়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। পাঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়ী হয়ে সরকার গড়ছে কংগ্রেস।