গোয়ায় সৈকতের কাছে বিদেশি তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পর্যটন রাজ্য গোয়ার কানাকোনা শহরের সৈকতের কাছে গতকাল মঙ্গলবার এক বিদেশি তরুণীর লাশ পাওয়া গেছে। ওই তরুণীর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তাঁর লাশ নগ্ন অবস্থায় পড়ে ছিল। তাঁর শরীরে আঁচড়ের আঘাত ছিল। দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় ডেপুটি সুপারিনটেনডেন্ট সামি তাভারেস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রক্তের ধারার ওপর তরুণীর মরদেহটি পড়ে ছিল। তাঁর শরীরে কোনো কাপড় ছিল না। তাঁর মাথা ও মুখে আঘাতের চিহ্ন ছিল।

কানাকোনা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ফিলোমেনো কস্তা বলেছেন, এ ঘটনায় মধ্যবয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার আগে তরুণীটিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা পরীক্ষা করতে লাশ ময়নাতদন্তের জন্য রাজ্যের রাজধানী পানজিমে পাঠানো হয়েছে।

আয়ারল্যান্ডের দোনেগল কাউন্টির বাঙ্করানা শহর থেকে এই তরুণী আসেন। তবে বিবিসি জানিয়েছে, ভারতে আসতে তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গত রোববার এই তরুণী ভারতের উত্তরাঞ্চল থেকে এখানে আসেন। সোমবার সন্ধ্যায় তাঁকে পালোলেম সৈকতে একটি পার্টিতে দেখা যায়। সৈকত থেকে ছয় কিলোমিটার দূরে একটি মাঠে লাশটি দেখতে পান এক কৃষক। তিনি পুলিশকে বিষয়টি জানান।

আইরিশ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় আয়ারল্যান্ড দূতাবাস ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় কনস্যুলার সহযোগিতা দিতে প্রস্তুত।