গো-হত্যা বন্ধে সবকিছু করবে মোদি সরকার
ভারতে গো-হত্যা বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত রোববার ইন্দোরে জৈন ধর্মীয় নেতাদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভি এবং রয়টার্সের।
রাজনাথ বলেন, ‘আমাদের দেশে গরু হত্যা চলছে, এটা আমরা কেমন করে মেনে নেব? আমরা এর বিরুদ্ধে একটি ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার সম্প্রতি গরু হত্যা বন্ধে বেশ তৎপর হয়েছে। এ কারণে গরু ব্যবসায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। গরু ব্যবসার সঙ্গে দেশটির মুসলিমরাই বেশি সংখ্যায় জড়িত।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ এবং পঞ্চম বৃহত্তম ভোক্তা। এ মাসে ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য মহারাষ্ট্রে গরু হত্যা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন ঝাড়খন্ড ও হরিয়ানা রাজ্য সরকারও গো-হত্যা বন্ধে কঠোর বিধিনিষেধ জারি করেছে।
গরু জবাই বন্ধ করতে বিজেপির এ অবস্থানের সমালোচকেরা বলেন, গরু হত্যা বন্ধের আইন মুসলিম, খ্রিষ্টান ও নিম্নবর্ণের হিন্দুদের স্বার্থবিরোধী। কেননা এসব জাতির মানুষের সস্তায় আমিষের চাহিদা পূরণ করে গরুর মাংস।