গৌরী লঙ্কেশের হত্যায় কলকাতায় প্রতিবাদ

কর্ণাটকের প্রখ্যাত সাংবাদিক ও সমাজসেবী গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে আজ সরব হয়ে ওঠে কলকাতা। দাবি ওঠে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের। মঙ্গলবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বাসভবনের সামনেই তিনি দুষ্কৃতকারীদের আক্রমণে নিহত হন।
আজ বুধবার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরের ছাতিমতলায় মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি বা এপিডিআরের উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়। সেই সভা থেকে দাবি ওঠে অবিলম্বে গৌরী লঙ্কেশের হত্যাকারীদের খুঁজে শাস্তি দিতে হবে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন অধ্যাপক ইমানুল হক, সুজাত ভদ্র, রণজিৎ শূর, তাপস চক্রবর্তী, মিলি বন্দ্যোপাধ্যায়, রামস্বামী বিজয়ন প্রমুখ নেতৃবৃন্দ।
এ ছাড়া আজ সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এক মোমবাতি মিছিল হয়। সাংবাদিকেরা গৌরী লঙ্কেশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁর আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল বের করেন। প্রেসক্লাবে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেন এবং মোমবাতি মিছিলে অংশ নেন। এর আগে গৌরী লঙ্কেশের মৃত্যু সংবাদ পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার রাতেই প্রতিবাদ করেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘দুর্ভাগ্য যে আমরা গৌরী লঙ্কেশের মতো একজন সাংবাদিককে হারালাম। এর বিচার চাই।’