গ্যাস সিলিন্ডার নয়, মজুত বিস্ফোরকই দুর্ঘটনার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে গত শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল রেস্তোরাঁর মালিককে খুঁজছে পুলিশ। প্রথমে মনে করা হয়েছিল, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডারের কারণেই ঝাবুয়া জেলার ওই রেস্তোরাঁয় বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ এখন বলছে, পাশের একটি ছোট ময়দার মিলে অবৈধভাবে মজুত রাখা বিস্ফোরকই দুর্ঘটনার প্রধান কারণ। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ বলছে, ময়দার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরণের সূত্রপাত হয়। মিলের মালিকের নাম রাজেন্দ্র কাসাওয়া। তিনি অবৈধভাবে প্রায় ১০০টি জেলাটিন স্টিক রেখেছিলেন। জেলার পুলিশ কর্মকর্তা সীমা আলাভা বলেন, কাছের খনি এলাকাসহ বিভিন্ন খোঁড়াখুঁড়ির কাজে এসব বিস্ফোরক ব্যবহার করা হতো।
পিতলাওয়াড় এলাকার পুলিশ কর্মকর্তা এ আর খান বলেন, রাজেন্দ্র কাসাওয়ারের বিরুদ্ধে ৩০৪ ধারায় (অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড) মামলা করা হয়েছে। তাঁকে খোঁজা হচ্ছে।
রেস্তোরাঁটির পাশেই একটি বাসস্ট্যান্ড। বিস্ফোরণে বাসস্ট্যান্ড এবং আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণস্থল থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পর্যন্তও এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
বিভাগীয় কমিশনার সঞ্জয় দুবে বলেন, অভিযুক্ত রাজেন্দ্র কাসাওয়ারের বিস্ফোরকের ব্যবসার লাইসেন্স ছিল। কিন্তু আবাসিক এলাকায় অবৈধভাবে এসব বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।
বিস্ফোরণস্থল পরিদর্শন করতে গিয়ে গতকাল রোববার জনতার রোষের মুখে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি পিতলাওয়াড়ের দিকে যেতে চাইলে পথে লোকজন তাঁর গতি রোধ করে। এ সময় মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলেন।
পুলিশের হিসাবে ওই ঘটনায় মৃতের সংখ্যা ১০৪-এ দাঁড়িয়েছে। তবে অন্যান্য হিসাবে তা ৯০-এর বেশি বলা হয়েছে।