সাংসদদের বছরে একটি করে গ্রাম ‘দত্তক’ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, বছরে একটি করে গ্রামের উন্নতি করা গেলে অচিরেই দেশের সব গ্রামই ‘মডেল গ্রাম’ হয়ে যাবে। কে করলেন বা না করলেন, তা না দেখে মোদি নিজেই বেছে নিলেন প্রথম দত্তক গ্রামটি।
মোদির নির্বাচনী আসন উত্তর প্রদেশের মন্দির শহর বারানসির উপকণ্ঠের জয়াপুর গ্রামকেই গড়ে তোলা হবে মডেল গ্রাম হিসেবে। গতকাল শুক্রবার সেখানে গিয়ে মোদি এই প্রতিশ্রুতিও চাইলেন, গ্রামের আর কোনো পরিবার যেন কন্যা ভ্রুণ হত্যায় শামিল না হয়। আর গ্রামের সবাই যেন খাওয়ার আগে হাত ধোয়। প্রধানমন্ত্রী হওয়ার পর বারানসিতে এটাই ছিল মোদির প্রথম সফর।
জয়াপুর গ্রামটি বারানসি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। প্রধানমন্ত্রী যাবেন বলে কদিন ধরে সেখানকার রাস্তা মেরামত করা হয়েছে, ঝোপঝাড় কাটা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রামের মানুষদের কী চাহিদা, গত কদিন ধরে তা নিয়েও লেখালেখি হয়েছে। চলার মতো রাস্তা, বিদ্যুৎ, স্কুল ও পানীয় জলের সুবন্দোবস্ত ছাড়া আর বিশেষ চাহিদা নেই জয়াপুরের। প্রধানমন্ত্রী শুক্রবার তা শুনেছেন এবং বলেছেন, গত ৬০ বছরে দেশের গ্রামগুলোর উন্নতি বিশেষ হয়নি। তার একটা কারণ যদি হয় নীতিনির্ধারণ ও রূপায়ণে গাফিলতি, অন্য কারণটি হলো সরকারের ওপর সব দায়িত্ব ছেড়ে গ্রামের মানুষদের বসে থাকা। তিনি বলেন, সরকার দাতা ও গ্রামের মানুষ গ্রহীতা—এই ধারণার বদল ঘটানো দরকার। অনেক কিছুর দায়িত্ব স্থানীয় মানুষকেই নিতে হবে। জয়াপুর যাওয়ার আগে মোদি বারানসিতে থামেন। নির্বাচনী প্রচারের সময় এখানকার বেনারসি শাড়িশিল্পের সংকট কাটানোর প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। গতকাল তাঁতশিল্পীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, দেশের ২০ কোটি মেয়ের বিয়ে হবে আগামী কয়েক বছরে। অর্থাৎ ২০ কোটি বেনারসি শাড়ি প্রয়োজন। এ শিল্পে আধুনিক প্রযুক্তি ও সুযোগের সদ্ব্যবহারের পরামর্শ দেন মোদি।
উন্নয়নের জন্য গ্রাম দত্তক নেওয়ার এই প্রকল্পের নাম সাংসদ আদর্শ গ্রাম যোজনা। প্রকল্প অনুয়ায়ী সাংসদদের নির্বাচনী আসনের অন্তর্গত গ্রামগুলোর মধ্যে চলতি বছরে একটি, ২০১৬ সালে দুটি ও পরের দুই বছরে আরও দুটি গ্রাম আদর্শ হিসেবে গড়ে তোলার কথা। মুশকিল হলো, বহু সাংসদ তা করতে চাইছেন না। কারণ ব্যাখ্যা করে এক সাংসদ প্রথম আলোকে বলেন, ‘এতে অন্য গ্রামের মানুষদের বিরাগভাজন হওয়ার আশঙ্কা প্রবল। নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়তে পারে।’