গ্রামে মোদির জনপ্রিয়তা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হবে আগামী মে মাসে। তবে এর মধ্যেই বিশেষ করে গ্রামাঞ্চলে তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ঋণগ্রস্ত বেশ কয়েকজন কৃষকের আত্মহত্যা এবং গ্রাম বিষয়ে সরকারি নীতি নিয়ে অসন্তোষ মোদির প্রতি মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। খবর রয়টার্সের।
অকাল ঝড়ে উত্তর ভারতের উর্বর সমতল অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর ফলেই বেশ কয়েকজন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গ্রামাঞ্চলের মানুষ বিপন্ন কৃষকদের সহায়তা না করা এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত না করার জন্য মোদিকেই দুষছেন।
ভারতের সবচেয়ে জনবহুল এবং রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে কৃষকদের আত্মহত্যা মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য একটা বড় ধাক্কা। কেননা বিজেপি আগামী দুই বছরে স্থানীয় নির্বাচনে আরও ভালো ফল করে ক্ষমতাকে পোক্ত করার চেষ্টা করছে। তবে মোদির সরকার একটি সমন্বিত স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করতে দেরি করছে। সরকারের আগ্রহ যতটা না ভর্তুকিতে, তার চেয়েও বেশি বিনিয়োগে। আর এসবের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সংখ্যালঘুদেরও বিপন্ন করে তুলেছে। তবে এ কথাও ঠিক, মোদি গত এক বছরে অর্থনৈতিক সংস্কারে সাফল্য দেখিয়েছেন। তা অবশ্য বিনিয়োগকারীদের পুরোপুরি খুশি করতে পারেনি। এর পরও মূল্যস্ফীতি কমানোও তাঁর একটি সাফল্য।
তবে এসব সাফল্য কৃষকদের আত্মহত্যার মতো ঘটনা ঠেকাতে পারেনি। উত্তর প্রদেশের ভাইদি গ্রামের কৃষক বাবু সিং পাঁচ একর খেতের গম বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার হতাশায় আত্মহত্যা করেন। তাঁর ভাই ধর্মেন্দ্র সিং বলেন, ‘মহাজনের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল বাবু। ...সরকার একটিবারও আমাদের কাছে এল না। আমরা দলবেঁধে মোদিকে ভোট দিয়েছিলাম। কিন্তু মোদি আমাদের পিঠে ছুরি মেরেছে।’
বিজেপি গত বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ৮০টির মধ্যে ৭৩টি আসন পায় এই উত্তর প্রদেশ থেকে। একাধারে হিন্দুত্ববাদ চাঙা করার ধুয়া, সেই সঙ্গে ফসলের ন্যায্যমূল্য পাওয়ার প্রতিশ্রুতি—এ দুই কারণেই উত্তর প্রদেশে বিজেপি এত আসন পায়। সেই সব কৃষকই এখন মোদির বিরুদ্ধে কথা বলছেন। রাজ্যের সিসোলা খুর্দ গ্রামের কৃষক জিতেন্দ্র কুমার বলছিলেন, ‘আমাদের অনেকেই বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সময় দলটিতে যোগ দিয়েছিলেন। তবে এখন আমরা সেই সদস্যপদ ফিরিয়ে দিতে চাই।’