গ্রেটার নামে মামলা না করার দাবি দিল্লি পুলিশের
দিল্লি পুলিশ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বলেছে, কৃষক আন্দোলন ইস্যুতে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের নামে তারা মামলা করেনি। মামলাটি করা হয়েছে এই আন্দোলনের প্রচারকদের (টুলকিট) বিরুদ্ধে।
এএফপির খবরে জানা যায়, এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিখ বিচ্ছিন্নতাবাদীদের খালিস্তানি সংগঠনের সমর্থক পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন টুলকিটের সঙ্গে সংশ্লিষ্ট। শিখ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যে নিজেদের জন্য খালিস্তান নামে পৃথক দেশ চায়।
পুলিশ বলছে, কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই পাঞ্জাব প্রদেশের। পুলিশ আরও জানায়, টুলকিটের নির্মাতারা ভারতের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দলের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে চায়। তাঁরা ভারত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও অসন্তোষ উসকে দিতে চায়।
এনডিটিভির খবরে জানা যায়, মামলায় গ্রেটার নাম রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন জানান, মামলার অভিযোগে কারও নাম নেই। টুলকিটের নির্মাতাদের বিরুদ্ধেই মামলাটি করা হয়েছে। কৃষকদের আন্দোলনের সমর্থনে কে টুইট করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন। আমি কারও নাম এখানে বলতে চাই না।’
গতকাল আন্দোলনরত কৃষকদের সমর্থনে করা টুইটে পরবর্তী কর্তব্য সম্পর্কে সজাগ করে গ্রেটা ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নিকটতম ভারতীয় দূতাবাসে বিক্ষোভ করার পরামর্শ দেন। দিল্লি পুলিশের অভিযোগ দাখিলের সিদ্ধান্তের খবর পাওয়ার পর গতকাল থুনবার্গ একটি টুইটে বলেন, ‘তবু আমি কৃষকদের পাশে থাকব এবং তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করব। কোনো ঘৃণা, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন আমাকে টলাতে পারবে না।’ টুইটে গ্রেটা হ্যাশট্যাগস্ট্যান্ডস উইথ ফারমার্স ও হ্যাশট্যাগফারমার্সপ্রোটেস্ট ব্যবহার করেন।
পাঞ্জাবের সাবেক মন্ত্রী হরিষমত কাউর বাদল টুইটে জানান, ‘কৃষকদের সঙ্গে পার্লামেন্ট সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি গণতন্ত্রের জন্য সত্যিই কালো দিন।’
মার্কিন পপ গায়িকা রিয়ানা বা দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনের মেয়ে মীনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেসব ব্যক্তি দীর্ঘ সময় ধরে চলা কৃষক আন্দোলনের পক্ষে মত প্রকাশ করেছেন, গ্রেটা থুনবার্গ তাঁদের অন্যতম।