গ্রেপ্তার হলেন সেই বিচারপতি

ভারতের কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনানকে আজ মঙ্গলবার কোইমবাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে উড়োজাহাজে করে কলকাতায় নেওয়া হবে এবং প্রেসিডেন্সি কারাগারে পাঠানো হবে। এর আগে সুপ্রিম কোর্ট অবমাননার অভিযোগে সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বিচারপতি কারনান গত মাসে সুপ্রিম কোর্টে তাঁকে দেওয়া কারাদণ্ডাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আদালত। ৬১ বছর বয়সী এই বিচারক সুপ্রিম কোর্টের আদেশ ও তাঁর বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডাদেশ চ্যালেঞ্জ করেছিলেন। ভারতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম।
চলতি বছরের শুরুর দিকে ২০ জন বিচারককে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছিলেন বিচারপতি কারনান। সাত বিচারকের সাংবিধানিক বেঞ্চের অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির কাছে চিঠি লিখে তদন্তের দাবি জানিয়েছিলেন বিচারপতি কারনান।
সর্বোচ্চ আদালত এই অবসরপ্রাপ্ত বিচারপতির দেওয়া যেকোনো বিবৃতি বা নির্দেশ (রুলিং) গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছেন। এরপর থেকে প্রতি পদে সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করেছেন এই বিচারপতি।
আরও পড়তে ক্লিক করুন