গয়না বন্ধক রেখে বানালেন ১২০ শৌচাগার
প্রাকৃতিক কাজ সারার জন্য পর্যাপ্ত শৌচাগার নেই। বিষয়টি বাঙালি বধূ কাজল রায়কে পীড়া দিতে লাগল। ঠিক করলেন, গ্রামে শৌচাগার গড়ে দেবেন। কিন্তু চাইলেই তো আর হয় না। শুভকাজে পদে পদে বাধা। তবে সদিচ্ছা আর চেষ্টা থাকলে ঠেকায় কে? একটি নয়, গুনে গুনে ১২০টি শৌচাগার তৈরি করলেন তিনি।
ভারতের অন্যতম বৃহৎ রাজ্য মধ্যপ্রদেশ ভেঙে ২০০০ সালে গড়া হয় ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় মূলত হিন্দিবলয়ের একটি রাজ্য। এখানের প্রধান ভাষা হিন্দি। এই রাজ্যের যশপুর জেলার প্রত্যন্ত সন্না পঞ্চায়েত এলাকায় বাস করেন এক বাঙালি দম্পতি। কাজল রায় ও অমল রায়। ২০ বছর ধরে এখানে থাকছেন তাঁরা। তাঁদের ঘরে তিন সন্তান। অমল রায় বিমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেন। আর কাজল দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের উন্নয়নের কাজের সঙ্গে জড়িত। বছর সাতেক আগে বিজেপির টিকিটে তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্যও হন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে স্বচ্ছ ভারত প্রকল্প চালু করলে কাজল সেদিকে ঝুঁকে পড়েন। দেখেন গ্রামে পর্যাপ্ত পাকা শৌচাগার নেই। সরকারিভাবে প্রয়োজনীয় শৌচাগার নির্মাণ করতে গেলে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন। কিন্তু মিলবে কোথায়? তাই নিজেই পরিকল্পনা আঁটেন। নিজের সব সোনার গয়না বন্ধক রেখে টাকা এনে সেই টাকা দিয়ে তৈরি করেন একটি ইটভাটা। সেখানের ইট দিয়ে শুরু করেন শৌচাগার নির্মাণ। দারুণ সাড়াও পেয়ে যান। যাঁরা পেছনে কাজল রায়ের বিরোধিতা করছিলেন, তাঁরাও শেষ পর্যন্ত পাশে এসে দাঁড়ান। এভাবেই এই বাঙালি নারী মাত্র ১০ মাসের মধ্যেই নির্মাণ করেন ১২০টি শৌচাগার।
এই শৌচাগার নির্মাণ করতে পেরে দারুণ খুশি কাজল। বলেছেন, তাঁর এই কাজে সব সময় পাশে ছিলেন স্বামী অমল রায়। আর সব থেকে বেশি সাহায্য ও সহযোগিতা করেছেন যশপুর জেলার মহিলা কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা।