ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার তেলেঙ্গানার বিধায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেভান্থ রেড্ডি
রেভান্থ রেড্ডি

ঘুষ দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের টিডিপি বিধায়ক রেভান্থ রেড্ডি। বিধানসভা কাউন্সিলে গত রোববার চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির প্রার্থীকে ভোট দিতে আরেক বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।
রেড্ডিকে সহযোগিতা দেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন আবার বিশপ। অভিযোগ রয়েছে, এই বিশপের মাধ্যমেই বিধায়ক এলভিস স্টিফেনসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন রেড্ডি।
বিধায়ক স্টিফেনসনের লিখিত অভিযোগের প্রেক্ষাপটে তেলেঙ্গানা পুলিশের দুর্নীতিবিরোধী শাখা (এসিবি) রেড্ডিকে গ্রেপ্তারে ফাঁদ পাতে। এ বিষয়ে এসিবির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগটি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার পর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ওপর ভিত্তি করেই ওই ফাঁদ পাতা হয়।
তেলেঙ্গানা বিধানসভার অ্যাংলো-ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি স্টিফেনসনের অভিযোগ, তাঁকে পাঁচ কোটি রুপি ঘুষ ও একটি টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাঁকে বলা হয়, হয় তিনি দেশ ছেড়ে গেলে কিংবা টিডিপির পক্ষে ভোট দিলে তাঁকে ওই অর্থ দেওয়া হবে।
রেড্ডিকে গতকাল স্টিফেনসনের সেকেন্দ্রাবাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একজন সহযোগীর সঙ্গে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। সেখানে ছদ্মবেশে থাকা দুর্নীতি দমন শাখার আধিকারিকদের সামনে স্টিফেনসনকে ৫০ লাখ রুপি ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন রেড্ডি। ভোটের পর সাড়ে চার কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করে রাজ্যের রাজধানী হায়দরাবাদে নেওয়া হয়। এ ঘটনায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। একটি আদালত তাঁর বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রেভান্থ রেড্ডি বলেছেন, তিনি কানাকড়িও সঙ্গে নেননি। তিনি বড় ধরনের ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে ১০০টি মামলা করা হলেও তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করবেন।