ঘুষের প্রমাণ সংগ্রহে মদন মিত্রের বাড়িতে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারদ ঘুষ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে হাজির হয়েছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তারা সারদা ঘুষ কেলেঙ্কারি মামলার জন্য তদন্ত করছে।

মদন মিত্র তাঁর বাসভবনে বসে কীভাবে ঘুষের অর্থ গ্রহণ করেছিলেন, তা বোঝার জন্য চার সিবিআই কর্মকর্তা মদন মিত্রের বাসভবনে আসেন। বাড়ির বিভিন্ন স্থানের ছবি তোলেন। অবশ্য মদন মিত্র যে কক্ষে ঘুষের অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, সে কক্ষের রং পরিবর্তন করা হয়েছে। মদন মিত্র বাসভবনেই ছিলেন। সিবিআইকে সহযোগিতা করেন।

গত বছর ১৪ মার্চ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের সময় দিল্লির সারদা নিউজ পোর্টাল স্টিং অপারেশনে একটি ঘুষ গ্রহণের ভিডিও ফাঁস করে। ওই ভিডিওতে তৃণমূলের ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই তালিকায় ছিল তৎকালীন মন্ত্রী মদন মিত্রের নাম। অভিযোগের জেরে সিবিআই মদন মিত্রকে গ্রেপ্তার করে। এখন তিনি জামিনে আছেন। তবে নারদ ঘুষ কেলেঙ্কারি মামলা চলছে।