ঘোরালো হয়ে উঠছে সুনন্দা হত্যা মামলা
সুনন্দা পুষ্কর হত্যা মামলা ঘোরালো হয়ে উঠল। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান কংগ্রেস সাংসদ সুনন্দার স্বামী শশী থারুর অভিযোগ করেছেন, দিল্লি পুলিশের এক কর্মকর্তা তাঁকে ও তাঁদের গৃহভৃত্যকে ফাঁসানোর চেষ্টা করছেন। শশী দিল্লির পুলিশ কমিশনারকে এক চিঠি লিখে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
সুনন্দার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে দিল্লি পুলিশ গতকাল বুধবার এক বিশেষ তদন্ত দল গঠন করেছে। গত মঙ্গলবারই দিল্লি পুলিশ এ বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে।
সুনন্দা পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয়—দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি গত মঙ্গলবারই তা জানান। তীব্র বিষক্রিয়াই তাঁর মৃত্যুর কারণ বলে ডাক্তারি অনুমান। সেই বিষ জোর করে তাঁকে খাওয়ানো হয়েছিল, নাকি ইনজেকশন হিসেবে দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন দিল্লি পুলিশকে ভাবাচ্ছে।
শশী থারুরের অভিযোগ জানাজানি হয় গতকাল। গত বছরের ১২ নভেম্বর বাসসিকে ওই চিঠি লেখেন শশী। তাতে তিনি বলেন, তাঁকে ও গৃহভৃত্য নারায়ণ সিংকে দিল্লি পুলিশের চার কর্মকর্তা ৭ ও ৮ নভেম্বর র দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। একজন নারায়ণকে শারীরিক নির্যাতন করে জবরদস্তি বলাতে চান যে তিনি ও শশী দুজনে মিলে সুনন্দাকে হত্যা করেছেন।
চিঠিতে শশী লিখেছেন, দিল্লি পুলিশের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
শশীর এই চিঠি জানাজানি হওয়ায় দিল্লি পুলিশ যেমন অস্বস্তিতে পড়েছে, তেমনই খুনের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, সেই প্রশ্নও নতুন করে উঠছে। সুনন্দা ও শশী আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন বলে এই মৃত্যুর পেছনে বেটিং চক্রের হাত রয়েছে কি না, সেই সন্দেহও উঁকি দিচ্ছে। তাঁরা দুজনেই আইপিএলের কোচি টিমের মালিকানার অংশীদার ছিলেন। অনিয়মের জন্য সেই মালিকানা ছাড়তে সুনন্দা বাধ্য হন। তবে এসব নিয়ে দিল্লি পুলিশের কেউ কোনো মন্তব্য করেননি।
সুনন্দা হত্যা মামলার তদন্ত করবে চার সদস্যের একটি দল। নেতৃত্বে দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার। শশীকে জেরা করা হবে কি না জানতে চাওয়া হলে বাসসি বলেন, তদন্তের স্বার্থে ও প্রয়োজনে যা কিছু দরকার, তা করা হবে।
ফরেনসিক ও মেডিকেল রিপোর্টই হত্যার তত্ত্বকে খাড়া করছে। এই দুই রিপোর্ট অনুযায়ী পুলিশের অনুমান, ‘প্যালেনিয়াম ২১০’-এর মতো তেজস্ক্রিয় আইসোটোপ শরীরে প্রবেশের ফলেই সুনন্দার মৃত্যু হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপের পরীক্ষা ভারতের কোনো ল্যাবরেটরিতে হয় না। পুলিশ তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে তা পাঠানোর ব্যবস্থা করছে। শশী জানিয়েছিলেন, সুনন্দা কেরালার তিরুবনন্তপুরমে কেরালা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (কেআইএমএস) ভর্তি ছিলেন এবং সেখানে তাঁকে প্রচুর ওষুধ খাওয়ানো হয়। দিল্লির এইমসের ডাক্তাররা সেখানে গিয়ে কথা বলেন। তাঁদের ধারণা, সুনন্দার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে শশীর দাবি অসার ও অযৌক্তিক। সুনন্দার এমন কোনো অসুখ ছিল না, যাতে এমন হুট করে তাঁর মৃত্যু হতে পারে।