চলে গেলেন কবি ভূমেন্দ্র গুহ

জীবনানন্দ দাশের পাণ্ডুলিপির পাঠোদ্ধারকারী প্রবীণ কবি, গবেষক ও চিকিৎসক ভূমেন্দ্র গুহ মারা গেছেন। গতকাল রোববার সকালে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ডা. বি এ গুহ রায় নামেও পরিচিত ছিলেন।
কলকাতার নিমতলী শ্মশানে গতকালই ভূমেন্দ্র গুহর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী জ্যোৎস্না গুহ ও মেয়ে ইন্দ্রাণী গুহসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
কবির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার জন্য ১৪ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার তিনি কোমায় চলে যান।
ভারতের মধ্যপ্রদেশের বিলাসপুরে ১৯৩৩ সালের ২ আগস্ট ভূমেন্দ্র গুহর জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সার্জারিতে তিনি এমএস করেন। ভারতে প্রথম যে ওপেন হার্ট সার্জারি হয়, সেই চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।
পঞ্চাশের দশকের সাহিত্য পত্রিকা ময়ূখ-এর সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন এই কবি। কবি জীবনানন্দ দাশের মৃত্যুর কিছুদিন আগে থেকে তিনি তাঁর সংস্পর্শে এসেছিলেন। জীবনানন্দের মৃত্যুর পর তাঁর পাণ্ডুলিপির পাঠোদ্ধার করেন ভূমেন্দ্র।
এ ছাড়া নিজের প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ১১টি। এ ছাড়া একটি অনুবাদগ্রন্থ আছে।