চলে গেলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধি

ভারতের তামিলনাড়ু রাজ্যের পাঁচবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধির মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। প্রায় ৬০ বছরের রাজনৈতিক জীবনে তিনি ডিএমকে পার্টি থেকে পাঁচবার নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ু শাসন করেছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এম করুণানিধি শেষনিশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহের বেশি সময় ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন করুণানিধি। এক বিবৃতিতে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
গত ২৮ জুলাই মূত্রনালির সংক্রমণ ও তীব্র জ্বর নিয়ে এম করুণানিধিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার রাতে হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, তাঁর অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রীর অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। অবশেষে সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে হাসপাতালটির কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মেরিনা বিচে করুণানিধির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মেরিনা বিচেই অধিকাংশ তামিল রাজনীতিবিদের সমাধিস্থল রয়েছে। তামিল রাজনীতির আর এক বর্ষীয়ান রাজনীতিক জয়ললিতাকেও এখানেই সমাহিত করা হয়।
বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রবীণ এই নেতার মৃত্যুতে তামিলনাড়ুসহ দেশের সব দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
রাজ্যর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির মৃত্যুতে ক্ষমতাসীন এআইএডিএমকে সরকার সাত দিনের শোক ঘোষণা করেছে।
এদিকে করুণানিধির অবস্থা চরম আশঙ্কাজনক, এমন খবর পেয়েই চেন্নাই রওনা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথেই পান মৃত্যুসংবাদ।
সংক্ষিপ্ত জীবনী
থিরুভারুর জেলার একটি গ্রামে ১৯২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করেন এম করুণানিধি। পড়ালেখায় উদাসী থাকায় বিদ্যালয় থেকে ছিটকে পড়েন তিনি। পরবর্তী সময়ে তিনি তামিল ছবির চিত্রনাট্যকার হিসেবে নিজেকে তৈরি করেন। ১৯৪৯ সালে ডিএমকে প্রতিষ্ঠা করা হলে তিনি প্রতিষ্ঠাকালীন সদস্য হন। তামিলনাড়ু রাজ্যে ১৯৫৭ সালে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর দল বিধানসভার মোট ১৩টি আসনে নির্বাচন করে একটি আসনে জয়ী হন। ছয় দশকের রাজনৈতিক জীবনে এম করুণানিধি পাঁচবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চলচ্চিত্রের স্ক্রিপ্ট, গল্প, নাটক ও কবিতা লেখে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দেন। বর্ণাঢ্য কর্মময় জীবন শেষে ৭ আগস্ট তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।