চলে গেলেন পরিচালক কুন্দন শাহ

ভারতীয় চলচ্চিত্র ও নাট্যনির্মাতা কুন্দন শাহ আজ শনিবার সকালে নিজ বাসভবনে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মেয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
‘জানে ভি দো ইয়ারোঁ’ (১৯৮৩), ‘কাভি হা কাভি না’ (১৯৯৩), ‘ক্যায়া কেহনা’ (২০০০), ‘দিল হ্যায় তুমহারা’ (২০০২), কুন্দন শাহের আলোচিত কয়েকটি চলচ্চিত্র। এ ছাড়া তিনি টেলিভিশনের জন্য ‘নুক্কাড়’ ও ‘ওয়াগলে কি দুনিয়া’ নামের হিন্দি সিয়িয়ালও নির্মাণ করেছিলেন। তাঁর পরিচালিত এই দুটি সিরিয়াল আশির দশকে ভারতের দূরদর্শন চ্যানেলে প্রচার হয়েছে। কুন্দন শাহের শেষ পরিচালিত ছবি ‘পি সে পিএম তক’ মুক্তি পায় ২০১৪ সালে।
কুন্দন শাহের জন্ম ১৯৪৭ সালের ১৯ অক্টোবর। তিনি পড়াশোনা করেছেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। এরপর তাঁর সহপাঠীদের নিয়েই চলচ্চিত্রজগতে কাজ করা শুরু করেন। হিন্দি সিনেমার ইতিহাসে এখনো ‘জানে ভি দো ইয়ারো’ অন্যতম সেরা একটি ব্যঙ্গাত্মক চলচ্চিত্র। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।
একাধারে অনেক চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়াল নির্মাণের পর কুন্দন শাহ সাত বছরের বিরতি নেন। ১৯৯৩ সালে আবার বলিউডে ফেরেন ‘কাভি হা কাভি না’ ছবির মাধ্যমে। শাহরুখ খান ও সুচিত্রা কৃষ্ণমূর্তি অভিনীত এই ছবির জন্য ফিল্মফেয়ারে কুন্দন শাহ পেয়েছিলেন সমালোচকের বিচারে সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার। প্রথম ছবি ‘জানে ভি দো ইয়ারোঁ’র জন্য কেবল জাতীয় পুরস্কারই ঝুলিতে তোলেননি এই চলচ্চিত্র পরিচালক, জিতে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী পুরস্কারও।
বর্ষীয়ান এই পরিচালকের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে বলিউডে। ইন্ডিয়ান এক্সপ্রেস