চলে গেলেন সাংবাদিক অমিতাভ চৌধুরী

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার এবং রবীন্দ্রগবেষক অমিতাভ চৌধুরী আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে আজ শুক্রবার সকালে কলকাতায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে রেখে গেছেন ছেলে অনির্বাণ, পুত্রবধূ মধুরিমা ও নাতনি সুনন্দনাকে। আজ দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অমিতাভ চৌধুরী জন্মেছিলেন বর্তমান বাংলাদেশের সিলেটে, ১৯২৮ সালের ১৬ জুলাই। তাঁর পড়াশোনা কলকাতা ও শান্তিনিকেতনে। জীবনের একটা সময় তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। পরে পঞ্চাশের দশকে যোগ দেন সাংবাদিকতা পেশায়। সাংবাদিক হিসেবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি। কাজ করেছেন আনন্দবাজার, যুগান্তর ও আজকাল পত্রিকায়। ১৯৮৩ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পান তিনি। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন রবীন্দ্রগবেষক হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তিনি তাঁর গবেষণার মাধ্যমে রবীন্দ্রনাথকে এক নতুন আলোয় বাঙালি সমাজের কাছে তুলে ধরেছিলেন। এত কিছুর বাইরেও ছড়াকার হিসেবে তাঁর পরিচয় ছিল। ৪০টি গ্রন্থের রচয়িতা অমিতাভ চৌধুরী।