চা দিতে দেরি করায় হত্যা
প্রতিদিনের মতো গত সোমবারও স্ত্রী ঝানার কাছে চা চেয়েছিলেন ৫৬ বছর বয়সী মাহালিয়া নায়ক। কিন্তু ঝানার একটু দেরি হয়ে গিয়েছিল। এ নিয়ে মাহালিয়া চটলেন স্ত্রীর ওপর। স্ত্রীও বেঁকে বসলেন। শুরু হয় কথা-কাটাকাটি।
একপর্যায়ে ঝগড়া থামলেও বুধবার রাতে আবারও এই প্রসঙ্গ তোলেন মাহালিয়া। শুরু হয় বাগবিতণ্ডা। ঝগড়ার একপর্যায়ে মাহালিয়া ধারোলো অস্ত্র দিয়ে তাঁর চেয়ে বয়সে এক বছরের ছোট স্ত্রীকে আঘাত করে বসেন। এতে সঙ্গে সঙ্গেই মারা যান ঝানা।
ভারতের ওডিশা রাজ্যের ধেনকানাল জেলায় গুহালিপাল গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার মাহালিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা দশরথী নাথ টাইমস অব ইন্ডিয়াকে জানান, সোমবার ঝগড়ার একপর্যায়ে ঝানা রাগ-অভিমান নিয়ে স্বামীকে বলে বসেন, ‘যাও, আমি তোমার জন্য রান্নাও করতে পারব না, খাবারও দিতে পারব না।’ এ নিয়ে প্রচণ্ড খেপে যান মাহালিয়া। পরে এ বিষয় নিয়ে আবারও দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মাহালিয়া স্ত্রীকে হত্যা করেন বলে স্বীকার করেছেন।