চা-শ্রমিকের পদ্মশ্রী পাওয়ার গল্প

নিজের মা যখন অসুস্থ ছিলেন, তখন এলাকায় অ্যাম্বুলেন্স ছিল না। অ্যাম্বুলেন্সের অভাবে মাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারেননি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কারিমুল হক। পেশায় চা-শ্রমিক কারিমুলের মায়ের মৃত্যু হয় বিনা চিকিৎসায়। অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। নিজের মাকে তো হারিয়েছেন, কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে আর কোনো মায়ের যেন মৃত্যু না হয়—এ জন্য প্রতিজ্ঞা করেন তিনি। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনেন কারিমুল। সেটিকেই অ্যাম্বুলেন্স বানিয়ে প্রায় আশপাশের ২০ গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। যখনই কারও অসুস্থতার খবর পেয়েছেন, তখনই চা-শ্রমিকের কাজ ফেলে সেই রোগীকে নিজের মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান। এ কারণে সবাই এখন তাঁকে ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে ডাকেন। এই নামটিই তাঁর প্রাপ্তি ছিল। তাঁর জন্য আরও বড় প্রাপ্তি অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরে জানতেন না তিনি। তাঁর এই নিঃস্বার্থ সমাজসেবাকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার কারিমুল হককে পদ্মশ্রী সম্মান দিতে চলেছে। গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবারের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।
আজ বুধবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদ্ম অ্যাওয়ার্ডের ওয়েবসাইটেও কারিমুল হকের নাম প্রকাশ করা হয়েছে। জলপাইগুড়ি জেলার মাল তহশিলের ধালাবাড়ি গ্রামের বাসিন্দা কারিমুল। ওই এলাকাতেই একটি চা-বাগানে শ্রমিকের কাজ করেন তিনি। এ ছাড়া প্রায় ২৪ ঘণ্টাই নিজের মোটরসাইকেলে আশপাশের প্রায় ২০টি গ্রামের দরিদ্র রোগীদের অ্যাম্বুলেন্স-সেবা দিয়ে যাচ্ছেন ৫২ বছর বয়সী কারিমুল।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চা-শ্রমিকের কাজ করে মাসে চার হাজার রুপি বেতন পান কারিমুল। সেখান থেকে প্রায় অর্ধেক অর্থ তিনি মোটরসাইকেলের জ্বালানি ও দরিদ্র রোগীদের ওষুধ কিনতে ব্যয় করেন। এভাবে প্রায় ১৮ বছর ধরে তিনি সমাজসেবা করে যাচ্ছেন।
কারিমুলের এই ত্যাগ ও সমাজসেবাকে সম্মান জানাতেই এবার তাঁর হাতে পদ্মশ্রী সম্মান দিতে যাচ্ছে ভারত সরকার।
কারিমুল হক ছাড়াও এ বছর আরও যাঁরা পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিরাট কোহলি, সাক্ষী মালিক, দীপা মালিক, সংগীতশিল্পী কৈলাস খেরসহ ৭৫ জন।