গত বছরের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের একদল নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অর্থ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডটকম নামের একটি ওয়েব পোর্টাল।
তারা দাবি করে, তাদের হাতে রয়েছে এ-সংক্রান্ত ৫২ ঘণ্টার ফুটেজ। ১৪ মার্চ সেই ভিডিওটি কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে ফাঁস করে বিজেপিও। এই তথ্য ফাঁসের পর সেদিন বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থ নাথ সিং অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও অবিলম্বে বিধানসভার নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছিলেন। সূর্যকান্ত মিশ্র আরও অভিযোগ করেছিলেন, মানুষের টাকা লুট করেছে তৃণমূল। ওদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীদের ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে টাকা। এই স্টিং অপারেশনে যাঁদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ এসেছিল, তাঁরা হলেন মুকুল রায় (সাবেক রেলমন্ত্রী-২০ লাখ টাকা), সুব্রত মুখোপাধ্যায় (পঞ্চায়েতমন্ত্রী-৫ লাখ), সুলতান আহমেদ (তৃণমূল সাংসদ-৫ লাখ), সৌগত রায় (তৃণমূল সাংসদ-৫ লাখ), শুভেন্দু অধিকারী (তৃণমূল সাংসদ-৫ লাখ), কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল সাংসদ-৫ লাখ), প্রসূন ব্যানার্জি (তৃণমূল সাংসদ-৫ লাখ), শোভন চ্যাটার্জি (কলকাতার মেয়র-৪ লাখ), মদন মিত্র (সাবেক পরিবহনমন্ত্রী-৫ লাখ), ইকবাল আহমেদ (তৃণমূল সাংসদ-৫ লাখ), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়নমন্ত্রী-৫ লাখ) এবং মহম্মদ আহমেদ মির্জা (সিনিয়র পুলিশ অফিসার-৫ লাখ টাকা)। এই তথ্য ফাঁসের পর তৃণমূল সাংসদ মুকুল রায় বলেছিলেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এ এক বড় ষড়যন্ত্র।
এ ঘটনার পর গোটা রাজ্যজুড়ে দাবি ওঠে নারদ কেলেঙ্কারির তদন্ত হোক ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইর দ্বারা। কিন্তু রাজ্য সরকার সেই পথে না গেলে এই নিয়ে তিনটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রতিটি মামলায় দাবি ওঠে নারদ কেলেঙ্কারির তদন্ত হোক সিবিআইর মাধ্যমে।
আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে সেই সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সকালে মামলার রায় দেন। নির্দেশ দেন সিবিআই এই মামলার তদন্ত করবে। শুধু তা-ই নয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার নথি সিবিআইর হাতে পৌঁছাতে হবে। সিবিআই ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করে একটি রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টকে। সিবিআই যদি মনে করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তখনই সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও বলেছেন, এই মামলায় পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি। এটা সমাজের পক্ষে একটি ক্ষতিকর বিষয় এবং গুরুত্বপূর্ণ অপরাধও বটে। রাজ্য পুলিশের ভূমিকা দুর্ভাগ্যজনক। তাই নিরপেক্ষ তদন্ত সংস্থা সিবিআইর হাতে তুলে দেওয়া হলো নারদ মামলার তদন্তভার।
হাইকোর্ট আজ এই প্রশ্নও তোলেন যখন আহমেদ মির্জা নামের এক আইপিএস পুলিশ কর্তা ঘুষ গ্রহণ কাণ্ডে জড়িত তখন কীভাবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না রাজ্য পুলিশ। হাইকোর্ট অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করারও নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, এই মামলার সঙ্গে যুক্ত ভিডিও ফুটেজের সত্যতা যাচাইয়ের জন্য হাইকোর্ট এর আগে ভারতের চণ্ডীগড়ের ফরেনসিক ল্যাবরেটরি থেকে এ-সংক্রান্ত রিপোর্টও পান। তাতেও বলা হয় ভিডিও ফুটেজের ছবি ভুয়া বা জাল নয়। আসল ছবি।