চার দেশের করিডর নিয়ে কলকাতায় আলোচনা
প্রস্তাবিত বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে (বিসিআইএম) অর্থনৈতিক করিডর প্রকল্প বাস্তবায়িত করা নিয়ে দুই দিনের কলকাতা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এই করিডর চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতায় শেষ হবে।
গত মঙ্গলবার থেকে আজ বুধবার কলকাতায় অনুষ্ঠিত বিসিআইএম ফোরামের যৌথ সমীক্ষা গোষ্ঠীর এ বৈঠকে প্রকল্প কার্যকর করতে আন্তসরকার সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে চীন। বৈঠকে উদ্বোধনী ভাষণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গীতেশ শর্মা বলেছেন, চার দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হলে এ অঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসি এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নে এই করিডর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এই করিডর বিশেষ ভূমিকা রাখবে।
২০১৪ সালে বাংলাদেশের কক্সবাজারে যৌথ সমীক্ষা গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর আগের বৈঠকটি হয়েছিল ২০১৩ সালে কুনমিংয়ে। আগামী বৈঠকটি অনুষ্ঠিত হবে মিয়ানমারে।
কলকাতার বৈঠকে চীনের ৩০ সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রঞ্জিত মিটার ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যরা হলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান (সিপিডি), অধ্যাপক এ কে এম এনামুল হক (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ) এবং কলকাতা উপহাইকমিশনের দুই প্রতিনিধি যথাক্রমে মিয়া মো. মঈনুল কবীর কাউন্সিলর এবং মহম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব বাণিজ্যিক। মিয়ানমারের পক্ষে কনস্ট্রাকশন মন্ত্রণালয়ের মুখ্য প্রকৌশলী উ লিউইনের নেতৃত্বে প্রতিনিধিরা অংশ নিয়েছেন।