চার দেশের মধ্যে সংযোগ স্থাপনে ভারতে করিডোর
সড়ক পথে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে যোগসূত্র স্থাপনে ভারতের পশ্চিমবঙ্গে দুটি করিডোর নির্মিত হচ্ছে। করিডোর দুটি নির্মাণে ভারতের কেন্দ্রীয় সরকার এক হাজার ৪২৪ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। এটি বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প কমিটি গঠন করেছে।
গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় ‘নবান্ন’তে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ প্রকল্প নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে রাজ্যের পূর্ত ও সড়ক দপ্তরের সচিব ইন্দিবর পাণ্ডে সাংবাদিকদের বলেন, প্রকল্প দুটি বাস্তবায়নে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার এ প্রকল্প বাস্তবায়নে অনুমোদন দেওয়ায় কাজের গতি আরও বাড়বে। তিনি জানান, করিডোর দুটি হবে দুই থেকে চার লেনের। এ করিডোর নির্মিত হলে চার দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রকল্প দুটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা দিচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার করিডোর দুটিকে ‘এশিয়ান হাইওয়ে’ নামে স্বীকৃতি দিয়েছে।
প্রথম করিডোরটি হবে নেপাল থেকে ভুটান হয়ে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। এই করিডোরের প্রথম রাস্তাটি কাকরভিটা, পানিট্যাংকি হয়ে বাংলাবান্দা পর্যন্ত যাবে। এর দৈর্ঘ্য হবে ৪৮ দশমিক ৬০ কিলোমিটার। দ্বিতীয় করিডোরটি ভুটান সীমান্তের ফুন্টসলিং থেকে পশ্চিমবঙ্গের জয়গাঁও, হাসিমারা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, চ্যাংড়াবান্দা ও বুড়িমারী বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যাবে। এটির দৈর্ঘ্য হবে ১১৫ কিলোমিটার।