চার রাজ্যে উপনির্বাচনে মোদি ম্যাজিক ম্লান
ভারতের লোকসভা নির্বাচনে (এপ্রিল-মে) বিজেপির ব্যাপক সাফল্যের পর এবার ফের ভাগ্য পরীক্ষা হয়েছে চারটি রাজ্যের ১৮টি বিধানসভা আসনের উপনির্বাচনে।
এই চারটি রাজ্যের বিধানসভা উপনির্বাচনে মোদি ম্যাজিক অনেকটাই ম্লান হয়ে গেছে। বরং ডুবন্ত কংগ্রেস অনেকটাই টেক্কা দিয়েছে বিজেপিকে। যদিও এই ভাগ্য পরীক্ষায় সম্মুখীন হয়েছিল বিজেপি, কংগ্রেস, সংযুক্ত জনতা দল এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। রাজ্যগুলো হলো বিহার, পাঞ্জাব, কর্নাটক ও মধ্যপ্রদেশ।
২১ আগস্ট এই চার রাজ্যের ১৮ আসনের ভোট গ্রহণ হয়। আজ সোমবার সেই ফল ঘোষণা করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী বিহারের ১০টি আসনের মধ্যে চারটিতে বিজেপি এবং ছয়টিতে কংগ্রেস-আরজেডি-সংযুক্ত জনতা দলের জোট প্রার্থীরা জয়ী হন। পাঞ্জাবের দুটি আসনের মধ্যে একটিতে কংগ্রেস এবং অন্যটিতে শিরোমনি আকালি দল। কর্নাটকের তিনটি আসনের মধ্যে দুটিতে কংগ্রেস এবং একটিতে বিজেপি এবং মধ্যপ্রদেশের তিনটি আসনের মধ্যে একটিতে কংগ্রেস ও দুটিতে বিজেপি জয়ী হয়েছে।