চার 'আইএস জঙ্গি' ধরা পড়ল ভারতে
প্রজাতন্ত্র দিবসের আগে ভারতে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ভারতের পুলিশের দাবি অনুযায়ী, গত বুধবার আইএসের চার সদস্যকে গ্রেপ্তারের পর এই হামলার ছক ফাঁস হয়েছে। ধৃত ব্যক্তিদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, উত্তর ভারতের হিন্দু তীর্থক্ষেত্র হরিদ্বারে অর্ধ কুম্ভমেলায় তারা হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
হরিদ্বারে অর্ধ কুম্ভ স্নান ও মেলা চলছে। পুলিশ বলেছে, হরিদ্বার ছাড়াও ধৃত ব্যক্তিদের লক্ষ্য ছিল দিল্লি ও এর আশপাশের বড় বড় শপিং মল। দুই জায়গাতেই তারা বিস্ফোরক মজুতের পরিকল্পনা নিয়েছিল। পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের শিক্ষা নেওয়ার জন্য তাদের মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের উগ্রপন্থী-অধ্যুষিত এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। পুলিশ এখন তাদের সেই সব জায়গায় নিয়ে যাবে।
এত দিন পর্যন্ত ভারতে আইএসের উপস্থিতি নিয়ে পুলিশ ও গোয়েন্দারা বিশেষ চিন্তিত ছিল না। সিরিয়া ও ইরাকে আইএসে যোগ দিতে কেউ কেউ এ দেশ থেকে চলে গেছে—এই তথ্য পুলিশ-গোয়েন্দাদের ছিল। কিন্তু এই প্রথম এই উগ্রপন্থী সংগঠনের উপস্থিতি স্বীকৃত হলো। দিল্লি পুলিশের এক সূত্র জানিয়েছে, দেশি কয়েকটি উগ্রপন্থী সংগঠন মারফত আইএস ভারতের বিভিন্ন জায়গায় জাল বিছানো শুরু করেছে। এটা অত্যন্ত চিন্তার। যাদের ধরা হয়েছে, তাদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে। তারা প্রত্যেকেই দরিদ্র পরিবারের মেধাবী সন্তান। তাদের কেউ কারিগরি শিক্ষা, কেউ আয়ুর্বেদ, কেউ আবার কলেজে বিএর ছাত্র।
আইএস আগামী দিনের বিপদ বলে তাদের মোকাবিলায় উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের মীরাটে হিন্দুদের একাংশ কোমর-কষা শুরু করেছে। সেখানে একটি সংগঠন তৈরি হয়েছে। নাম ‘হিন্দু স্বাভিমান সেনা’। এই সংগঠন কিশোর-কিশোরীসহ বয়স্কদের অস্ত্র শিক্ষা দিতে শুরু করেছে। অস্ত্রের মধ্যে রয়েছে তলোয়ার, ছুরি ও রিভলবার। ভারতের কয়েকটি সংবাদপত্রে অস্ত্রশিক্ষার ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় রাজ্য পুলিশের টনক নড়েছে। বৃহস্পতিবার মীরাটের জেলা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল বৃহস্পতিবার বলেন, সারা পৃথিবীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সন্ত্রাস। সন্ত্রাসবাদীদের মোকাবিলাই এখন বড় কাজ। এবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এই সফরে দুই দেশ সন্ত্রাসের মোকাবিলা নিয়েও আলোচনা করবে। বিকাশ স্বরূপ জানান, পাকিস্তান কবে তদন্তকারী দলকে ভারতে পাঠাবে কিংবা আদৌ পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি। জানালে তখন ভারত সিদ্ধান্ত নেবে। ওই হামলার পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ভেস্তে যায়। কবে তা হবে তা বিকাশ স্বরূপ জানাতে পারেননি। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদেরও আর কোনো বৈঠক হয়নি।