চালকের আসনের নিচে ৮৭ কেজি সোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গাড়ির চালকের আসনের নিচ থেকে প্রায় ৮৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এসব সোনার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি রুপি। ওই গাড়িচালককে আটক করা হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের ইনমানামকোন্দানে উচিপুলি গেটের কাছ থেকে ওই গাড়িটি আটক করা হয়।

আজ রোববার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ একটি হোন্ডা সিটি কারের চালকের আসনের নিচ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। ৩১ বছর বয়সী গাড়িচালককে আটক করে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা দপ্তর থেকে জানানো হয়েছে, চালকের আসনের নিচে ৮৭টি সোনার বার ছিল। প্রতিটি সোনার বার এক কেজি ওজনের। সোনাগুলোর আনুমানিক মূল্য দুই কোটি ৪৪ লাখ রুপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মজিবু রেহমান নামের ওই গাড়ির চালক স্বীকার করেছেন, সোনাগুলো পাচারের উদ্দেশে শ্রীলঙ্কা থেকে একটি মাছ ধরা নৌকায় করে তামিলনাড়ু আনা হয়। ওই চালককে আটক করে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে শ্রীলঙ্কা থেকে সোনাগুলো কে পাঠিয়েছে বা তামিলনাড়ুতে সেগুলো কে গ্রহণ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি আয়কর কর্মকর্তারা চেন্নাইয়ে ঠিকাদার ও বালু ব্যবসায়ী শেখর রেড্ডির বাসা থেকে ১২৭ কেজি সোনা, ৯৬ কোটি মূল্যের নতুন ও পুরোনো নোট জব্দ করেছে।