চিকিৎসা হয়রানি কমাতে মমতার বৈঠক
কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসার নামে নানা হয়রানির অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে করণীয় কী হবে, তা নিয়ে আলোচনা করতে আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের শীর্ষ কর্তাদের সঙ্গে বসবেন। কলকাতার টাউন হলে এ বৈঠক হবে।
রোগীদের নানা ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ আসছে রাজ্য সরকারের কাছে। কিন্তু এসব অভিযোগ আমলে নিচ্ছে না বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম কর্তৃপক্ষ। তাই রাজ্যের চিকিৎসাব্যবস্থাকে আরও গতিশীল ও নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হয়েছেন। তিনি রাজ্যের মুখ্য সচিবকে হাসপাতালের আইনসমূহের সব দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলোর ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুসারে চলার কথা। তা মানা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। কারণ, কোন চিকিৎসায় কত খরচ হবে, সেই তালিকা সবার চোখের সামনে টানিয়ে দেওয়ার কথা থাকলেও তা রাখা হয় না। আবার বেসরকারি হাসপাতালগুলো যখন সরকারের কাছ থেকে জমি লিজ নেয়, তখন চুক্তি হয় গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেবে। কিন্তু পরে তা মানা হয় না বলে অভিযোগ রয়েছে।
প্যাকেজে চিকিৎসা খরচের কথা বলে পরবর্তী সময়ে অতিরিক্ত বিল আদায় করার প্রচুর অভিযোগ উঠছে নিয়মিত। এ নিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা আদালতে প্রচুর মামলাও হয়েছে। এমনকি একই টেস্টের বিভিন্ন নামে বিলও তোলা হচ্ছে।