চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীপুর কেন্দ্রীয় কারাগার। প্রথম আলো ফাইল ছবি
আলীপুর কেন্দ্রীয় কারাগার। প্রথম আলো ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই সন্দেহ তৈরি হয়েছিল কলকাতার আলীপুর কেন্দ্রীয় কারাগারে। কারা কর্তৃপক্ষের কাছে খবর আসত, বন্দীরা রীতিমতো মদ গাঁজা খান, মোবাইলে কথা বলেন, বাইরে থেকে অর্থ দিয়ে ভালো ভালো খাবার এনে খান তাঁরা। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছুতেই হদিস পাচ্ছিল না কারা জড়িত এর সঙ্গে। 

অবশেষে এ বিষয়ে নিশ্চিত হলো কারা কর্তৃপক্ষ। গোপন সূত্রে খবর পাওয়া যায়, এর পেছনে রয়েছেন কারাগারে নিয়োজিত চিকিৎসক অমিতাভ চৌধুরী। অমিতাভ চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক চিকিৎসক। তিন বছর ধরে ওই কারাগারের চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। কাজ করেছেন রাতের পালায়। গোপন সূত্রে খবর পাওয়া যায়, অমিতাভ চৌধুরীই কারাগারে মদ-গাঁজা সরবরাহ করেন বন্দীদের কাছে। শুধু তা-ই নয়, মোবাইল ফোন বিক্রি করে কথা বলার ব্যবস্থা করেন। নগদ টাকাও সরবরাহ করেন।
এতসব খবর পাওয়ার পর ওই চিকিৎসককে ধরতে পরিকল্পনা তৈরি করা হয়। শুক্রবার রাতে কারা কর্তৃপক্ষ অমিতাভ চৌধুরীকে ধরতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকে। রাত ১১টার দিকে অমিতাভ চৌধুরী গাড়ি থেকে নেমে একটি ব্যাগ নিয়ে কারাগারে ঢুকতে গেলে তাঁকে ব্যাগ তল্লাশির জন্য ডাকা হয়। তাঁকে ধরা হতে পারে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। ওই সময় কারাগারে উপস্থিত ছিলেন কারা বিভাগের ডিআইজি বিপ্লব দাস। আর কারা ফটকের পাশেই ছিলেন দুই ডেপুটি জেলার। চিকিৎসকের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা, ৪ লিটার মদ, ৩৫টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৪৩ হাজার রুপি।
গ্রেপ্তার করা হয় ওই চিকিৎসককে। কারা তাঁর কাছ থেকে মাদক কিনতেন, মোবাইল কিনতেন বা ব্যবহার করতেন, এমনকি কাদের তিনি নিয়মিত নগদ টাকা সরবরাহ করতেন সেসব বিষয়ে তথ্য দেন অমিতাভ।
গ্রেপ্তার হওয়া অমিতাভ জানান, সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি মাসে ৫০ হাজার রুপি পেনশন পান। কারাগারে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য মাসে পান ৯০ হাজার রুপি। আর মাদক সরবরাহ ও ফোন বিক্রি করে পান ৬০ হাজার রুপি।
তাঁর স্ত্রী এবং পুত্র চিকিৎসক বলেও জানিয়েছেন তিনি।