চিটফান্ড কেলেঙ্কারি: ওডিশায় তিন নেতা গ্রেপ্তার
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে গতকাল মঙ্গলবার ভারতের ওডিশা রাজ্যে গোয়েন্দা সংস্থা সিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছেন তিন নেতা।
এই তিনজন হলেন শাসক দল বিজু জনতা দলের (বিজেডি) সাংসদ রামচন্দ্র হাঁসদা, বিজেডির সাবেক বিধায়ক সুবর্ণ নায়েক এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক বিধায়ক হিতেশ বাগার্তি। এই তিনজনই নবদিগন্ত ক্যাপিটল সার্ভিসেস লিমিটেড নামের একটি চিটফান্ডের পরিচালক ছিলেন। তবে তিন নেতাই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
গ্রেপ্তারের পরপরই ওডিশার মুখ্যমন্ত্রী ও বিজেডি দলের নেতা নবীন পট্টনায়েক বর্তমান সাংসদ ও সাবেক বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষী কাউকেই দল ছাড় দেবে না।
এ মুহূর্তে ওডিশার ৪৪টি চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। পশ্চিমবঙ্গের মতো ওডিশায়ও বিভিন্ন চিটফান্ড কোম্পানি প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল।