
ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা ও দেশটির সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের চেন্নাইয়ের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। গতকাল মঙ্গলবার একই সঙ্গে তল্লাশি চালানো হয় তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের বাড়িসহ ১৪টি প্রতিষ্ঠানে। অভিযোগ, ২০০৮ সালে অর্থমন্ত্রী থাকাকালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের ক্ষেত্রে একটি দেশি মিডিয়া কোম্পানিকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন চিদাম্বরম।
যে অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের তল্লাশি, তাতে একসময়ের মিডিয়া ব্যক্তিত্ব পিটার মুখার্জি ও তাঁর স্ত্রী ইন্দ্রাণীর নামও রয়েছে। সিবিআই বলছে, বাবার প্রভাব খাটিয়ে এই দুজনের কোম্পানিতে বিদেশি বিনিয়োগের বন্দোবস্ত করে দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কার্তি। পিটার ও ইন্দ্রাণী এখন তাঁদের মেয়ে শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দী।
সিবিআইয়ের দাবি, পিটার ও ইন্দ্রাণীর কোম্পানি আইএনএক্স মিডিয়া ২০০৮ সালে ৪ কোটি রুপি বিদেশি বিনিয়োগের অনুমতি পায়। এর বিনিময়ে কার্তি ১০ লাখ রুপি নেন। কিন্তু পরে ওই কোম্পানিতে মোট ৩০৫ কোটি রুপি বিদেশি বিনিয়োগ হয়। কার্তি পান সাড়ে ৩ কোটি রুপি। এই লেনদেনের ইঙ্গিত শিনা হত্যার তদন্তের সময় সিবিআইয়ের হাতে আসে।
পুলিশের কাছে যে অভিযোগের ভিত্তিতে সিবিআই এই তদন্ত করছে, তাতে পি চিদাম্বরমের নাম সরাসরি নেই। তাঁর ‘ভূমিকার’ উল্লেখ রয়েছে বলে জানায় সিবিআই সূত্র। অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন পদস্থ কর্মকর্তার নামও রয়েছে।
এক বিবৃতিতে সিবিআইয়ের তল্লাশি ‘রাজনৈতিক প্রতিহিংসাজনিত’ বলে মন্তব্য করেছেন চিদাম্বরম। তিনি বলেন, সরকার শতাধিক কোম্পানিকে বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিয়েছিল। পাঁচ মন্ত্রণালয়ের সচিব সম্মিলিতভাবে ওই সিদ্ধান্ত নেন। একটি ক্ষেত্রেও কোনো অভিযোগ নেই। বিজেপি সরকার সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। সরকার তাঁর লেখা ও মুখ বন্ধ করাতে এই কাজ করেছে। তিনি লেখা ও মুখ কোনোটাই বন্ধ করবেন না।
এদিকে বিহারের রাষ্ট্রীয় সমাজবাদী দলের নেতা লালুপ্রসাদের কন্যা রাজ্যসভার সদস্য মিশা ভারতী ও দুই ছেলে তেজস্বী প্রসাদ এবং তেজ প্রতাপের বিরুদ্ধে ১ হাজার কোটি রুপির বেশি বেনামি সম্পত্তি অর্জনের অভিযোগ এনেছেন প্রদেশ বিজেপির শীর্ষ নেতা সুশীল মোদি। অভিযোগের ভিত্তিতে দেশের মোট ২২টি জায়গায় লালুর পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর বিভাগ হানা দেয়।
গতকাল কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, নরেন্দ্র মোদি সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধ করাতে পারবেন না।