চিন্তার স্বাধীনতা নিয়ে মানুষ বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘একসাথে’র ৫০ বছর পূর্তির শীর্ষক আলোচনা সভায় সিপিএম নেত্রী, সাবেক সাংসদ ও গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার এবং বাংলাদেশের নারীনেত্রী ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম। ছবি: ভাস্কর মুখার্জি
‘একসাথে’র ৫০ বছর পূর্তির শীর্ষক আলোচনা সভায় সিপিএম নেত্রী, সাবেক সাংসদ ও গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার এবং বাংলাদেশের নারীনেত্রী ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির মুখপত্র ‘একসাথে’র ৫০ বছর পূর্তিতে ‘আক্রান্তমুক্ত চিন্তা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে এ আলোচনা সভার উদ্বোধন করেন সিপিএম নেত্রী, সাবেক সাংসদ ও গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত।

সেমিনারে মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভাষাবিদ ও অধ্যাপক পবিত্র সরকার এবং বাংলাদেশের নারীনেত্রী ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম।

মালেকা বেগম বলেন, সব মানুষ সেই শিশুবেলা থেকেই চায় চিন্তার স্বাধীনতা। এই চিন্তার স্বাধীনতা নিয়ে মানুষ বাঁচতে চায়। এটা মানুষের সহজাত ধর্ম। কিন্তু আজকের সমাজে সেই চিন্তার স্বাধীনতা থেকে মানুষ বারবার বাধাগ্রস্ত হন। মানুষের চিন্তার ফসল বারবার আক্রান্ত হচ্ছে। এই চিন্তার আক্রান্ত হওয়ার পেছনে রয়েছে সাম্প্রদায়িকতা, মৌলবাদ থেকে শুরু করে রাজনীতি। তাই এই চিন্তাকে আক্রান্তের হাত থেকে রক্ষা করতে চাই আক্রান্তমুক্ত চিন্তার সমাজ।

অধ্যাপক পবিত্র সরকার বলেন, চিন্তার নয়, চিন্তার প্রকাশ আজ আক্রান্ত হচ্ছে। সেই নাটক, সাহিত্য, রাজনীতি, শিল্পকলা—সর্বত্রই আজ আঘাত আসছে মানুষের চিন্তার ওপর। মানুষও তার চিন্তার ফসল তুলতে পারছে না। আক্রান্ত হচ্ছে যুগ যুগ ধরে। সমাজে এই চিন্তা প্রকাশের ওপর হাজার হাজার বছর ধরে চলে আসছে এই আক্রমণ। এই আক্রমণকে প্রতিহত করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। নইলে আক্রমণকারীরা আরও শক্তিশালী হয়ে পড়বে।

সেমিনারের উদ্বোধন করে বৃন্দা কারাত বলেন, ‘“একসাথে” পত্রিকা নারী আন্দোলনের প্রেরণা দেওয়ার একটি আশ্রম। একটি মিসাইল। নারী আন্দোলনে আজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজেপি এবং আরএসএস। এরা আমাদের স্বাধীন চিন্তার বাধা। এদের রোধ করতে হবে। লড়তে হবে এদের বিরুদ্ধে।’

অধ্যাপক রত্নাবলী চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে সেমিনারের প্রথম পর্বে আলোচনায় অংশ নেন ‘একসাথে’ পত্রিকার সম্পাদক বনানী বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি মালিনী ভট্টাচার্য, কেন্দ্রীয় সম্পাদক মরিয়াম ধাওলে, পশ্চিমবঙ্গের সম্পাদিকা কনীনিকা ঘোষ, রেখা গোস্বামী, রূপা বাগচি, আসামের সাহিত্যিক ঝুমুর পাণ্ডে প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।