চীনকেও সেনা সরাতে হবে: সুষমা স্বরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত-সংকট নিয়ে ভারতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত অযৌক্তিক কিছু বলেনি। পৃথিবীর অন্য দেশগুলোও তাই ভারতের অবস্থানকে সমর্থন করছে। সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে ভারতকে চীন ক্রমাগত যে হুমকি দিয়ে আসছে, তার জবাবে সুষমা অবশ্য বলেছেন, ভারত ও চীন একই সঙ্গে সেনা সরিয়ে নিয়ে আলোচনায় বসুক। 

সীমান্ত-সংকট নিয়ে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সুষমা গোটা পরিস্থিতি ব্যাখ্যা করে কথাগুলো বলেন। চীনের সঙ্গে সীমান্ত-সংকট নিয়ে এই প্রথম ভারত সরকার প্রকাশ্যে মুখ খুলল।
ভারত, চীন ও ভুটান সীমান্তের ডোকলাম অঞ্চলের ‘তেমাথায়’ এক মাসের বেশি সময় ধরে ভারত ও চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। চীন সেখানে পাকা রাস্তা তৈরি করছিল। ভারত তাতে বাধা দেয়। আপত্তি জানায় ভুটানও। এ অবস্থায় উত্তেজনা প্রশমনে চীনের দাবি, ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে। না হলে কোনো রকম আলোচনার অবকাশ নেই। ভারত যে একতরফা তা করতে প্রস্তুত নয়, আজ বৃহস্পতিবার রাজ্যসভায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট। সুষমা বলেন, ভারতকে যদি সেনা সরাতে হয়, চীনেরও তা হলে উচিত একই সঙ্গে সেনা সরিয়ে নেওয়া। তিনি বলেন, আইন ও অধিকার দুটিই ভারতের পক্ষে। এ প্রসঙ্গে সুষমা এ কথাও জানিয়ে দিতে ভোলেননি যে নিজেদের রক্ষা করার ক্ষমতা ভারতের আছে।
সুষমা স্বরাজ বলেন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে, তা মেটানোর জন্য দুই দেশের মধ্যে স্বীকৃত ব্যবস্থাও রয়েছে। একই রকম বিরোধ রয়েছে ভুটানের সঙ্গে চীনেরও। তারাও তাদের মতো করে তার মীমাংসায় সচেষ্ট।
বিরোধী সদস্যরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীন ‘সিপিইসি করিডর’ নির্মাণের প্রশ্ন তুললে সুষমা বলেন, ভারত একেবারে শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। সার্বভৌমত্ব রক্ষা করা সব দেশেরই কর্তব্য। সুষমা জানান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে সাড়া দিয়েছে।
চীনের বিষয়ে এর আগে সর্বদলীয় বৈঠক ডেকে সরকারের ভূমিকা স্পষ্ট করা হয়েছিল। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও পরিস্থিতির ব্যাখ্যা করেছিলেন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। কিন্তু এই প্রথম সংসদে মুখ খুললেন সুষমা। রাখঢাক না রেখেই জানালেন, ভারত-চীন-ভুটান সীমান্তের স্থিতাবস্থা চীনই নষ্ট করতে চাইছে।