চীনা সেনা ভারতে ঢোকার চেষ্টা ভন্ডুল

স্বাধীনতা দিবস উদ্যাপনে গোটা ভারত যখন মুখর, সেই সময় গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের লাদাখের প্যাংগং লেক বরাবর সীমান্ত পেরিয়ে চীনা সৈন্যরা ভারতে ঢুকে পড়ে। ভারতীয় বাহিনী তাদের বাধা দিলে দুই পক্ষে প্রথমে হাতাহাতি পরে পাথর ছোড়াছুড়ি শুরু হয়। এতে দুই দেশেরই কয়েকজন আহত হয়েছে।
সরকারিভাবে কোনো দেশই এই অনুপ্রবেশ ও তাকে ঘিরে অশান্তির কথা সরকারিভাবে স্বীকার করেনি। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর অস্বীকারও করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হু চুনইং বেইজিংয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আজ বুধবার জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেছে বলে তাঁর জানা নেই। তিনি জানান, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সব সময় চীনা সীমানার ভেতরে টহলদারি চালায়। ভারত-চীন সীমান্তে শান্তি রক্ষায় পিএলএ প্রতিশ্রুতিবদ্ধ।
লাদাখের বিশাল প্যাংগং লেক-সংলগ্ন এলাকাই দুই দেশের অস্থায়ী সীমানা। দুই-তৃতীয়াংশের দখল চীনাদের হাতে, বাকিটা ভারতের।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে ১৫ জনের মতো চীনা বাহিনী ওই তল্লাটে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে। ভারতের ইন্দো-টিবেটান বর্ডার ফোর্সের (আইটিবিপি) জওয়ানেরা সঙ্গে সঙ্গেই তাদের বাধা দেয়। তাদের ভারতীয় এলাকা ছেড়ে চলে যেতে বলে। চীনারা তাতে রাজি না হলে ভারতীয়দের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। একসময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তাতে দুই পক্ষেই কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষই ব্যানার তুলে ধরে ওই অংশ তাদের বলে দাবি জানায়। এরপর তারা ছাউনিতে ফিরে যায়। তবে সূত্রের খবর, টানা দুই ঘণ্টা ধরে এ উত্তেজনা চললেও কোনো পক্ষ থেকেই গুলি ছোড়া হয়নি।
ভারত-চীন-ভুটান সীমান্তের ডোকলাম এলাকা চীনা সেনাদের রাস্তা তৈরিতে বাধা দেওয়া নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, দুই মাস কেটে গেলেও তা এখনো অমীমাংসিত। চীন বলেছে, ভারত শর্তহীন সরে না গেলে কোনো আলোচনা নয়। ভারত বলেছে, সরতে হলে চীনা সৈন্যদেরও সরে যেতে হবে। দুই দেশের এই অনড় অবস্থান দুই মাস ধরে চলছে। তার মধ্যেই ঘটে গেল লাদাখের ঘটনা।
দুই দেশের এই সীমান্ত সমস্যা কীভাবে মিটবে, এখনো তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ভারতের প্রভাব থেকে প্রতিবেশীদের বের করতে চীন চেষ্টার ত্রুটি রাখছে না। ভুটানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও চীন সম্পর্ক সহজ করার চেষ্টা চালাচ্ছে। নেপালে বিভিন্ন প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণও বাড়িয়েই চলেছে। আগামী মাসে চীনে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা। সেখানে সম্মেলনের বাইরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না, তা নিয়ে আপাতত জল্পনা চলছে।
দুই দেশের এই টানাপোড়েনের মধ্যে চীনে তৈরি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলোকে ভারত সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এই স্মার্টফোনগুলোর নির্মাতাদের ফোনের নিরাপত্তাবিষয়ক প্রযুক্তির যাবতীয় তথ্য সরকারকে পাঠাতে বলা হয়েছে। ডেটা হ্যাক যাতে না করা যায়, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা।
সীমান্ত সম্পর্ক যে এখনো যথেষ্ট টানটান এবং চীন যে ভারতের আচরণ এখনো মেনে নিতে পারছে না, তার প্রমাণ স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে চীনা বাহিনীর সৌজন্য বৈঠকে না আসা। প্রতিবছরই এই দিনে দুই দেশের বাহিনী শুভেচ্ছা বিনিময় করে থাকে।