চীনের কথা মাথায় রেখে ড্রোন কিনতে চায় ভারত
যুক্তরাষ্ট্রের কাছ থেকে চালকবিহীন বিমান (ড্রোন) কিনতে আগ্রহী ভারত। তার আগ্রহের মধ্যে রয়েছে সর্বাধুনিক মডেলের সশস্ত্র ও নজরদারিমূলক কাজে ব্যবহারের উপযোগী ড্রোন। নিজস্ব অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এবং নিজ ভূখণ্ডে চীনা সেনাদের মাঝেমধ্যেই ‘অনুপ্রবেশের’ ঘটনার পরিপ্রেক্ষিতে এ আগ্রহ দেখাচ্ছে দেশটি। খবর পিটিআইয়ের।
ড্রোন কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান আলোচনায় সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা জানান, ২০০ কোটি ডলার ব্যয়ে এ ধরনের প্রায় ১০০ ড্রোন ভারত কিনতে চাইছে।
বার্তা সংস্থার খবরে বলা হয়, ভারত এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ সংস্করণের অ্যাভেঞ্জার ড্রোন পাঠানোর অনুরোধ জানিয়েছে। অ্যাভেঞ্জার মূলত আকাশযুদ্ধে সক্ষম চালকবিহীন বিমান। মূলত চীনের প্রভাব মোকাবিলার কথা বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে এ পদক্ষেপ।
খবরে আরও বলা হয়, গত কয়েক মাসে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কথাবার্তা জোরালো হলেও ওয়াশিংটন বিষয়টিতে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি বা প্রকাশ্য ইঙ্গিত দেয়নি।