চীনের ভিন্নমতাবলম্বী দুজনকে ভিসা দেয়নি ভারত
চীনের দুজন ভিন্নমতাবলম্বী ও উইঘুর নেতাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। তাঁদের ভিসা নিয়ে বেইজিংয়ের আপত্তির মুখে নয়াদিল্লি এ সিদ্ধান্ত নিল। বেইজিংয়ের চাপের কারণে আরেক ভিন্নমতাবলম্বী ও উইঘুর নেতা দোলকুন ইসার ভিসা কয়েক দিন আগে বাতিল করেছিল ভারত।
ভারতের উত্তরাঞ্চলের ধর্মশালায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত চীনের ভিন্নমতাবলম্বী লু জিংহুয়া ও গণতন্ত্রকামী রে অং। ভারত অবশ্য দাবি করছে, তাদের ওপর চীনের কোনো ধরনের চাপ ছিল না।
একজন ভারতীয় কর্মকর্তা বলেন, চীনের ওই লোকদের ভিসা না দেওয়ার পেছনে যুক্তিপূর্ণ কারণ আছে। লু জিংহুয়ার কাগজপত্র ত্রুটিপূর্ণ এবং তাঁর ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে তিনি কয়েক ধরনের বক্তব্য দিয়েছেন, যা সন্দেহজনক। অংয়ের কাগজপত্রও অসংগতিপূর্ণ। তাই ভিসা দেওয়া হয়নি।
লু জিংহুয়া ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নিউইয়র্ক থেকে ভারতের উদ্দেশে বিমানে ওঠার সময় তাঁকে নামিয়ে আনা হয়।
এর আগে গত সোমবার জার্মানির মিউনিখভিত্তিক ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের নির্বাহী চেয়ারম্যান দোলকুন ইসার ভিসা বাতিল করে ভারত। তিনি ১৯৯০ সাল থেকে জার্মানিতে আছেন। গণতন্ত্র ও চীন নিয়ে একটি সেমিনারে যোগদানের কথা ছিল দোলকুনের। কথা ছিল ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় দালাই লামার সঙ্গেও দেখা করবেন তিনি।
চীন ভারতের এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তখন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, দোলকুন একজন সন্ত্রাসী। চীন সরকারের কাছে ‘মোস্ট ওয়ান্টেড’। সরকারের অভিযোগ, দোলকুন চীনের শিনকিয়াং প্রদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের লোক।