চীনের সঙ্গে যোগাযোগ ছিল গোর্খা নেতার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোর্খা জনমুক্তির আন্দোলনে অচল হয়ে গেছে দার্জিলিং। ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছেন একজন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি
গোর্খা জনমুক্তির আন্দোলনে অচল হয়ে গেছে দার্জিলিং। ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছেন একজন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে চলমান আন্দোলনের নেতা বিমল গুরুং চীনের সঙ্গে যোগাযোগ রাখতেন। গুরুংয়ের বাসা ও দলীয় কার্যালয় থেকে উদ্ধার হওয়া ওয়ারলেস সেট ও বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করে এ তথ্য পুলিশ জানতে পেরেছে। 

দার্জিলিং এখনো শান্ত হয়নি। গত ১২ জুন থেকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখনো অব্যাহত রয়েছে । এখনো দার্জিলিংয়ে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গতকাল বুধবার মোর্চার সমর্থকেরা পাহাড়ে মোবাইল পুড়িয়ে ইন্টারনেট পরিষেবা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
জেলা পুলিশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন আজ বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে থাকাকালীন গত ৮ জুন দার্জিলিংয়ের ভানুভক্ত চত্বরে মোর্চা-পুলিশের সংঘর্ষের কয়েক দিন আগে দার্জিলিং এসেছিলেন চীনের দুই কূটনীতিক। একজন কলকাতার এবং অন্যজন দিল্লির। পুলিশ ওই কূটনীতিকেরা কেন এসেছিলেন বা কী ছিল তাঁদের উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মোর্চা নেতা বিমল গুরং নিয়মিত কথা বলতেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের একাধিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে। চীনা ভাষায়ও কথা হয়েছে, এমন প্রমাণও পেয়েছে গোয়েন্দারা। দুটি বিশেষ কোডও পেয়েছে পুলিশ। কোডের বিষয় উদ্ধারের জন্য বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছে গোয়েন্দারা।
এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে জনমুক্তি মোর্চার সহকারী সম্পাদক বিনয় তামাং বলেছেন, ‘ভিন রাজ্যের পর এবং ভিন দেশের তত্ত্ব খাড়া করেছে সরকার। আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।’