চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের ছয় দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নয়াদিল্লি সফরের রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীন সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনিই গতকাল রোববার নিশ্চিত করলেন, আগামী মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর করবেন। সে যাত্রার দিনক্ষণ ও আলোচ্যসূচি ঠিক করতেই তাঁর এবারের চীন সফর। সুষমা বলেন, চীনের সঙ্গে বন্ধন দৃঢ় করতে চায় ভারত। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফর শেষ করে বিদায়ের মুহূর্তেই ঘোষণা এসেছিল, ক্ষমতায় বসার এক বছর পূর্তির আগেই চীন যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুষমা স্বরাজ চার দিনের সফরে শনিবার চীনে গিয়েছেন। তাঁর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
গতকাল বেইজিংয়ে ভারত-চীন মিডিয়া ফোরামে সুষমা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে আছে কার্যকর উদ্যোগ, বৃহত্তর দ্বিপাক্ষিক সংশ্লিষ্টতা, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন অবস্থান, কৌশলগত যোগাযোগের পরিসর বাড়ানো এবং এই শতাব্দীকে ‘এশিয়ার শতক’ হিসেবে গড়ে তুলতে অভিন্ন আশা-আকাঙ্ক্ষা পূরণ করা।
ভারত-চীন মিডিয়া ফোরামে বক্তব্য দিতে গিয়ে সুষমা বললেন, চীনের সঙ্গে সীমান্তবিরোধ সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে স্বরাজ বলেন, ‘দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ তৈরি এবং তা বাড়ানোর জন্য আমরা যথেষ্ট উন্নতি করেছি।’ তিনি বলেন, শুধু দ্বিপাক্ষিকভাবেই নয়, ভারত ও চীন নানা বহুপাক্ষিক সংস্থায় যুক্ত থেকে একে অন্যের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করেছে। এ প্রসঙ্গে তিনি ব্রিকস বা বেসিকের মতো সংস্থার উল্লেখ করেন।
দু্ই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভারতের আগ্রহের কথা স্পষ্ট করেছেন সুষমা। তিনি বলেন, ‘চীনা কোম্পানিগুলোর জন্য ভারতে ব্যবসার পথ আমরা সহজ করেছি। আমরা চাই, এবার ভারতের ব্যবসায়ীদেরও সুযোগ দেওয়া হোক।’
ভারসাম্যের চেষ্টা: ওবামার সফরের সময় ভারতের চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান রাহিল শরিফ ছিলেন চীনে। রাহিলের সঙ্গে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বলেন, ‘চীনের সব সময়ের বন্ধু পাকিস্তান।’
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মাখামাখি চীন যে মোটেও ভালোভাবে নেয়নি, ভারতের বৈরী প্রতিপক্ষের প্রতি এত সৌহার্দ্যপূর্ণ উক্তি তারই প্রকাশ। তাঁরা বলছেন, চীনের এই মনোভাব বুঝে শৈত্য কাটাতেই সুষমার এ সফর। আজ সোমবার তিনি রাশিয়া-ভারত-চীন এই ত্রিদেশীয় বৈঠকে বসবেন। সুষমা স্বরাজ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সুষমা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ‘ভিজিট ইন্ডিয়া ২০১৫’ নামের পর্যটন উন্নয়নবিষয়ক একটি অনুষ্ঠান উদ্বোধন করবেন।