চীনের মেগা প্রকল্প ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (ওবিওআর)-এর প্রথম সম্মেলন আজ রোববার বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে। দুই দিনের এ সম্মেলনে অংশ নেবেন ২৯টি দেশের শীর্ষনেতা ও আরও বেশ কয়েকটি দেশের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। তবে সম্মেলন শুরুর মাত্র এক দিন আগে গতকাল শনিবার চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত জানিয়েছে, তারা এ সম্মেলনে যোগ দিচ্ছে না। অন্যদিকে অবস্থান পুরো পাল্টে যুক্তরাষ্ট্র এতে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে অংশ নিচ্ছে।
ওবিওআর প্রকল্পে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতর দিয়ে সড়ক যাবে বলে শুরু থেকেই নয়াদিল্লি এর বিরোধিতা করে আসছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও তার নিজের অংশ বলে দাবি করে ভারত। গত শুক্রবার নেপাল সম্মেলনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করে। এর পরপরই ভারতের সরকারি সূত্র তাদের সম্মেলন বর্জনের ইঙ্গিত দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে এক বিবৃতিতে বলেছে, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি সম্মান জানিয়েই এ ধরনের আঞ্চলিক সংযোগের প্রকল্প নেওয়া উচিত।
এশিয়ার বিভিন্ন প্রান্তে ও ইউরোপ পর্যন্ত বন্দর, রেলপথ ও বিদ্যুৎ-সংযোগ তৈরির চীনের পরিকল্পনাটি নিয়ে ভারতের প্রধান অভিযোগ ৫ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়সাপেক্ষ পরিকল্পিত চীন-পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি নিয়ে। এটি ওবিওআর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পের অধীনে সিপিইসি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতর দিয়ে যাবে, যে ভূখণ্ডকে ভারত বরাবরই নিজেদের বলে দাবি করে। এ জন্য শুরু থেকেই ওবিওআর প্রকল্পের বিরোধী ভারত। এ ছাড়া প্রকল্পটিকে কেন্দ্র করে এশিয়ায় চীনের আধিপত্য বাড়ার আশঙ্কা আছে ভারতের। প্রসঙ্গত, এখনই চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় পাঁচ গুণ বড়।
ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লুও জাউহুতি গত সপ্তাহে বলেছিলেন, পাকিস্তান-চীন করিডর নিয়ে ভারতের আপত্তি রয়েছে। কিন্তু ভারত ও পাকিস্তানের আঞ্চলিক বিরোধে জড়ানোর কোনো ইচ্ছা বেইজিংয়ের নেই।
অন্যদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভসহ চীনের মিত্র ও সহযোগী রাষ্ট্রের নেতারা বেইজিংয়ের এই ফোরামে অংশ নেবেন।
গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ের সম্মেলনে হোয়াইট হাউসের উপদেষ্টা ম্যাট পটিঙ্গারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি প্রতিনিধিদল পাঠাবে।