
ভারত এবং চীন গতকাল শুক্রবার সীমান্তসংশ্লিষ্ট সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান করার অঙ্গীকার করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের দ্বিতীয় দিনে এই প্রতিশ্রুতি উচ্চারণ করেন মোদি ও চীনা প্রধানমন্ত্রী লি কেছিয়াং। খবর পিটিআইয়ের।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা নিজেদের সামরিক কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় সীমান্ত বৈঠকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দুজনই একমত হন, উন্নয়ন ও সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ নিশ্চয়তা’ হচ্ছে সীমান্তে শান্তি বজায় রাখা।
পেছনে হাঁটার সুযোগ নেই—এ বিষয়টি স্পষ্ট করে দিয়ে মোদি বলেছেন, একই জায়গায় দাঁড়িয়ে থাকা কোনো বিকল্প হতে পারে না।
বৈঠক শেষে কেছিয়াংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ‘আমাদের আলাপ ছিল একেবারে অকপট, গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ। যেসব বিষয় দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায়, সেগুলোসহ সব বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি। আমি জোর দিয়ে বলেছি, চীনকে তার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনতে হবে, যেগুলো আমাদের অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে দিচ্ছে না।’
যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য আছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু সেগুলো সমাধানের প্রক্রিয়া ও যথেষ্ট রাজনৈতিক পরিপক্বতা আমাদের আছে। আমরা চীন-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
সীমান্ত সমস্যার বিষয়ে মোদি জানান, দুই পক্ষই একটি ন্যায়সংগত, যৌক্তিক ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানের উপায় খোঁজার বিষয়ে বৈঠকে একমত হয়েছে।
বৈঠকের আগে মোদি ও কেছিয়াং বেইজিংয়ের গ্রেট হল অব পিপল-এ গার্ড অব অনার পরিদর্শন করেন। মোদি আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। গতকালই মোদি ও কেছিয়াংয়ের বেইজিং থেকে দেশের বৃহত্তম নগর ও বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র সাংহাই যাওয়ার কথা ছিল। আজ শনিবার চীন সফর শেষ করে মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।